শনিবার, ১৪ জুলাই, ২০১৮

আম্রমাধুরী সংখ্যা- ৬



১. ভাইরাস /  বিধান শীল

স্মার্ট ফোনের ভয়ানক অ্যাপসগুলো মাথা তুলে গ্রাস করছে মূল্যবান সময়
নৈতিক বোধের মুখোমুখি দাঁড়িয়ে নানান শিষ্টাচার
প্রতি মুহূর্তে ভাইরাসে নীল হচ্ছে অ্যান্ড্রয়েড  জীবন

 মসৃণ আয়নায় যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গ শারীরিক
কোন অ্যান্টি ভাইরাস কাজে দেয় না প্রাত্যহিক কাজ কর্ম ।

আনলিমিটেডে প্যাকের আড়ালে যৌনতার সুড়সুড়ি
ফোর জি স্পিডে  ডাউনলোড হয় যাবতীয় কৌতূহল ।

প্রবল বঞ্চনায় সিদ্ধ হয় রান্নাঘরে প্রবঞ্চনার ভাত
আমিষ ছাড়া গলা দিয়ে পার হয় না দুপুরের খাবার

বিশাল যজ্ঞের হোমে নিজেকে ফোকাস করে ধর্মগুরু
আমিও পাকা ডুবুরির মতো জলতলে খুঁজি ঝিনুকে  মুক্তো ।

আমার গোটা শরীরে পাক দিয়ে থাকে বিষধর সাপ
বিষে বিষ কাটে ;  লোহাতে লোহা
ফুলের সুগন্ধে জ্যোৎস্নারা চুমু দেয় পদ্মের বোঁটায় ।

ভাইরাসের বিপুল আয়োজনে আক্রান্ত কোষ অসাড়
হাত-পা বেঁধে আমরা ঝুলছি অদৃশ্য হাওয়ায় ।



২. দর্শন  / বিধান শীল

কোন এক গভীর রাত্রে চাঁদ দেখতে গিয়ে গলা অবধি আগুন খেয়েছিলাম । সময়ের প্রতি মুহূর্ত আজ পুড়িয়ে মারে আমায় । কী অলুক্ষণে জ্যোৎস্নার নেশা মাতাল করেছিল অরণ্য । বেঘোরে ঘন্টার পর ঘন্টা ভিজেছিল রাস্তা ।

কবিতার নেশা মদ , গাঁজা , হেরোইন এর চেয়ে বেশি । বিছানায় নিদ্রা যাবার আগে এক গ্লাস শব্দ পান না করলে তৃপ্তি আসে না কবির । কাঁটাছেঁড়া চালায় দক্ষ ডাক্তার মতো । সূচ সুতোয় সেলাই করে তৈরি করে বর্ণময় পোশাক । মুক্তির আনন্দে  বিজন বাতাসে ডানা মেলে উড়ে পাখি ।

কোন একদিন প্রেমপত্রে বানান ভুল ধরার জন্য প্রেমিকা রাগে কুটিকুটি করে ছিঁড়ে মুখে উপর ছুঁড়ে মেরেছিল প্রেমপত্র । মুখে একটুও আঘাত লাগে নি , লেগেছিল হৃৎপিন্ডে । আঠা দিয়ে জড়াতে চেয়েছিলাম টুকরো টুকরো কাগজ । অলুক্ষণে বাতাস এসে উড়িয়ে নিয়ে গেছে দূরত্বের দেশে ।

কোন এক গভীর রাত্রে চাঁদ দেখতে গিয়ে গলা অবধি আগুন খেয়েছিলাম । এখনও দাউ দাউ করে জ্বলছে অরণ্যের ভিতর । হাজার লিটার জল ঢেলেও নিভে না বনে লাগানো আগুন । দমকল আসে , ফিরে যায় ।

ধীরে ধীরে অলসতা গ্রাস করছে কবিমন ।  দুর্দিনের কুটিরে নেমে আসছে অভাবী মেঘ । কালো আকাশ দেখে ভীত হয়ে পড়ছে ব্যক্তি স্বাধীনতা । কবি প্রতিজ্ঞা করে আর কখনো সে চাঁদ দেখবে না । অন্ধকার কুটিরে আবদ্ধ থাকতে পারবে কি কবি ?

আম্রমাধুরী সংখ্যা- ৫



১. কবিতা: ◆ উপেক্ষিত ঝড় ◆
                   **পল্লব কর্মকার।

ছুঁয়ে দেখার আগ্রহে
বামনের হাত লম্বা হতে থাকে চাঁদের দিকে,
ভুল করে সেও,
   স্পর্শকে ভালোবাসা ভেবে।

সেকাল থেকে একাল...
চন্দ্রের প্রতি আকর্ষণটা বামনের'ই হয়তো
সবচেয়ে বেশি।

মাসভক্ষনকারী কিলবিলে পোকাগুলো
ছড়িয়ে আছে গোটা দেহেজুড়ে
ভালোবাসা হয়ে।

 মেন্সট্রাল সাইকেল পূর্ন করে ঝড়ে যায় কৃষ্ণচূড়া,
বোরখা পড়া গৌর মুখখানিতে
রহস্য হয়ে থেকে যায় প্রেম...

তপ্ত কাঞ্চন ডুবে নাইট্রিক অ্যাসিডে
হয় খাঁটি, তবে সে অ্যাসিডে কাঞ্চন ফুলের দশা...

ফালতু চঞ্চু নিবেশ
ঝড় থামলেই আকাশ আবার ঝাঁ চকচকে...


২. কবিতা:
     ভাম
পল্লব কর্মকার।

তখন আমি চাঁদ অন্ধকারে ভিজছি,
ভাই বললো দাদা বাইরে ভাম বেরিয়েছে
এই ভাম টা যে আদেও কি!
অন্ধকারে পুরুষত্বের হায়না হাসি
সেভ করেনা বোধয় খুব ভয়ানক দেখতে
নাকটা নাকি মানুষের থেকেও তীব্র
শরীরের গন্ধ খোঁজে ব্যাস্ত রাজপথে
রাজভোগের লোভে ছানাবড়া চোখ
আর লকলকে জিভ কাঁপে লালাস্রোত সাথে
আমরা কেউই ভাম দেখিনি কোনোদিন
তবু বুড়ো ভাম দেখি প্রতিদিন…



৩. কবিতা: *অগোছালো*
পল্লব কর্মকার।

তুমি আসার পর থেকে অনেকটা অগোছালো হয়ে গেছি আমি
আগে বাঁশিটা থাকত দেওয়াল আলমারিতে
এখন সে ছলেবলে আমার বিছানায় করেছে স্থান
জামাগুলো মার্চ করতো আগে
আলমারির তাকে
এখন যুদ্ধ মিটে গেছে বোধহয়
তাই মার্চপাস্ট ছেড়ে আলনায় বানর ঝোলা ঝুলছে
হারমোনিয়ামটা টেবিলে খোলাই পড়ে থাকে
হঠাৎ হঠাৎ তার বুকের রিডে হাতের ছোঁয়া দিতেই
মধুর আর্তনাদে বলে ওঠে তোর নাম নিস্তব্ধ ঘরে
বইখাতা গুলো বুক সেল্ফের শীতঘুমের পরিবর্তে
বাঁকাচোরা ঢঙে শুয়ে আছে টেবিলে
টেবিল ল্যাম্পটার রেগে মাথা গরম হয়ে আছে
হবেনা! প্রায় তিন মাস একভাবে হাসছে সে
এত কি কেউ হাসতে পারে!
পরিপাটি সেই ছেলেটা এক ঝলক স্বর্গ দেখতে
আলুথালু পোশাকেই ছুট দেয় পাড়ার মোড়ে
কলারটা উপরে তুলে উড়নচন্ডী হয়ে
চুমু খায় অপেক্ষারা চায়ের ভাঁড়ে
তুমি এসে কালারটা ঠিক করে দিয়ে বলবে
"কী হচ্ছে তোমার একটু ঠিক করে থাকতে পারো না?"
হয়তো ওটা শোনার জন্যই…
অগোছালো হতে ভালোবাসি খুব।


আম্রমাধুরী সংখ্যা- ৪



কবিতা:১
সজল রায়।

ভাঙ্গা সাইকেল চেপে অনুপম/
পাহাড়তলির দিকে চলে গেছে/
কে তাকে থামাবে, কার অধিকার/


ভুঁইপিঁপড়ের মতো বালকের দল/
ভেল্কি দেখায় গাঁয়ে-ঘরে/
মুঠো হাত ছুঁড়ে দিলে
ধুলো আঁকে নিসর্গের ছবি/
বাগানবাড়ির দিকে/
বিনিদ্র ব্যাধির মতো ঝিঁঝিঁ ডাকে/
কে তাকে থামাবে, কোন জাদুকর/


ভুল দশমিকে শুধু ব্যবধান দীর্ঘতর হয়/
বারান্দায় ঝুঁকে পড়ে প্রকান্ড শহর/
সিলিং পাখার মতো /
গুমোট সন্ধ্যায় ঘোরে চাকা/
পাহাড়তলির দিকে নেমে যায়/


কে তাকে ফেরাবে , শূন্য ঘর
আর ভাঙ্গা বুকের পাঁজর ।


কবিতা:২
সজল রায়।

দানাপানি অনন্তখামার/
কোচোয়ান জানে/
আছে তার বুদ্ধিমেধাবোধ/
ছলনায় তীক্ষ্ণধার সুস্থিত লাগাম/


বিপন্ন ঘোড়াটি বাতাসবিহারী/
আস্তাবলে ইন্দ্রজাল বোনে/
স্বর্ণচাঁপার মতো কেশদাম/
ফুলে ফুলে ওঠে
                  সংকল্পে,সাহসে/
নির্বিকার ছুটে যায়
                 সম্মোহনে, ধ্যানে/
অগ্নি যেমন ছোটে
               মহামন্ত্রে বোধিদ্রুম/
ঘৃতাহুতি যজ্ঞের কাঠে/


হতবাক কোচোয়ান , ধবল জ্যোৎস্নায়/
প্রজ্ঞার ওপারে দ্যাখে , হ্রেষা নয়/
পারমিতা পুড়ে যায় প্রেমের রেকাবে।

আম্রমাধুরী সংখ্যা- ৩



১. কবিতা:

উৎসমুখে দাঁড়াও

শুভঙ্কর দাস

উৎসমুখে দাঁড়াও,নরম জঙ্গল পেরিয়ে খাদ
যে খাদের পারাপারে ঈশ্বর থেকে মানুষ আর
মানুষ থেকে ঈশ্বর হওয়ার যাত্রাপথ।
জন্মদ্বার, যেকোনো মন্দির বা মসজিদের গর্ভগৃহের চেয়ে সহস্রগুণ সুন্দর,প্রশ্নহীন অলৌকিক।
পাথরের জন্য ধূপ-ফুল-পাতা,তসবি-তাবিজ,মোমবাতি আনতে পারো,
অথচ যার উন্মোচন ও প্রসারণের জন্য
এই ঈশ্বর, জগৎ,সন্তান এবং অসংখ্য আমির প্রবেশ
যার সামনে মাথা নত করা উচিত,চিরকাল
সেখানে করছ জমা,কুঠার,দা,করাত ও কোদাল!

মৃত্যুকে হারাতে চাও,একহাতে বা বহুহাতে,হারাও
তার আগে উৎসমুখে দাঁড়াও,

সেখানে কেউ নেই,আকাল।
----------------+-------------------+-------

২. কবিতা:

নকশিকাঁথা

শুভঙ্কর দাস

মুগ্ধতারর কোনো বয়স হয় না।

যে চোখে নিজের আয়না খুঁজে পেয়েছিলে,
সেই চোখের নদীতে করতে পারনি,পারাপার!
এ তো নয় অবতারের গল্প,জন্মান্তর,উদ্ধার।

যে হাতকে বৃক্ষের ছায়া ভেবে শরীরের নৌকার
বেঁধেছিলে নোঙর,খরস্রোতাকে পাওনি ভয়,
প্রেমের পায়ে চলা পথে কোথাও নেই বরাভয়!

যে পায়ের চিহ্নকে ভেবেছিলে গৃহের আলপনা
যার প্রতিটি শব্দ ছিল বিনত অনুসরণকারী
আসলে পশুত্ব,সকলেই কমবেশি গোপন শিকারী!

মুগ্ধতার কোনো বয়স হয় না সত্য
কিন্তু বয়স কি ইচ্ছেমত মুগ্ধ হতে পারে!
-----------------+-------------+----------


৩. কবিতা:

উনচল্লিশ বয়সের কোনো এক রবিবার

শুভঙ্কর দাস

দরজাকে আমার সবসময় আলিদিনের আশ্চর্য প্রদীপ মনে হয়,
খুললেই দিনরাত এত বেশি মুখ,মুখোশ,হাসি-কান্না ঘষেমেজে নেয় যে,নিজেকে মনে হয় বন্দী কোনো জিন
যার কোনো জন্মে মুক্তি নেই!
এই তো নরম হাতের ওপর হাত,অথচ আমার কেন সেই হাতে আগুন কম লাগে!
এই তো ঠোঁটের প্রতিঘরে পৌঁছাতে পেরেছি চুম্বনের দাগ,আমার কেন সেই দাগ মনে হয় অনুরাগহীন!
এই তো ফুলের শয্যায় নিজেকে উপুড় করে দেখেছি সন্তানের চিরসুন্দর মুখ,আমার কেন মনে হয়,সন্তান কি শুধু মিলনের উপহার!

দরজা খুলে দাও,
প্রিয় বান্ধবীরা আসুক,যাদের আমি কল্পনায় মেঘদূতম্ শুনিয়েছি,শেষের কবিতা পড়েয়েছি,আর কপালকুণ্ডলার পরিণতি জানিয়েছি

এত পরেও বসয়টা সহসা রবিবার হয়ে যায়!
এবং কোনো এক সকালে নিজের শরীরে হাত দিলে মনে হয়,এতো পরকীয়া

আত্মসমর্পণ ছাড়া কিছুতেই ফিরে যাবে না!

-+++-----------------------++++++--------


আম্রমাধুরী সংখ্যা- ২



অযৌক্তিক
             অন্তরা চ্যাটার্জী

পৃথিবী ভাঁজ হলে রিক্ত দোয়াতে
পুড়ে যায় কিছু আলো-বীজ।
বাস্তবতায় চাবুক বসায়
দলছুট সত্যেরা।

সত্তম পঙক্তি, কম্পন...মানেনা কখনো।
ভেজা চামড়ায় ডুবে থাকে
নিষাদের কালো ঘ্রাণ।

ভেবে দেখো একবার,
মুক্তির প্রস্তাবে
রীতি নিভে গেছে ঠিক কতবার!
আরো কতবার,
ঈশ্বর হয়েছে মুহ্যমান
মাটির তলায়!

নখে নখে পোষা যত
অবুঝ অভ্রান্ত অনিয়ম,
মুক্তির আঙুলে বিঁধে যায়
লুকানো দস্তুর;
গোড়ায় গোড়ায় গোপন গোঁড়ামি।

এবং বাকিটা....
ইতিহাস জানে সব।



বিশ্বাসঘাতক
        অন্তরা চ্যাটার্জী

উল্টানো থালায় সাজানো গরল
আমি প্রেম ভেবে খেয়েছি, বিশ্বাসে।
আরো কতবার কৌতুহলে
আঙুল দিয়েছি, হিসেব রাখিনি।
নির্লজ্জ মন ভ্রূণের ভেতর করেছে
আত্মহত্যা,
ঘোলাটে কুয়াশা তবু
ঈশ্বর দেখাতে পারেনি কখনো।

আমি ভুলে যায় বারবার,
এক রেখায় মানুষ হাঁটেনা কখনো।
তাই, বিষ খেতে ভালোবাসি
আমরা প্রত্যেকে।

ঘুম ভাঙলেই শুনি
আধুনিক খিলখিল সংলাপ।
সরলে জটিল মেশে
শ্রেণীভাগ কষ্ট পায় ভীষণ।
অন্ধকারে চোখ পোষে
মৃত সান্ধ্যভাষা;
আর পৃথিবী তখন মিথ্যেকথার আসর।

আম্রমাধুরী সংখ্যা-১



এলকোলাহল

বিশ্বজিৎ সাহু



আমার এলকোহল চোখে সমস্তই দৃষ্টিনন্দন ।

ইচ্ছে-ছবি রং চড়ে ক্যানভাসে
মনে জাগে ধূসর পাণ্ডুলিপির মতো সমস্ত
নিটোল সার্থক , হয়তো বা নিশ্চিত জেনে
শারীরিক মনে জেগে ওঠে নিছক পাগলামি

শুভারম্ভ সুর অসুরের মন-শরীরের লড়াই
নিশিযুদ্ধ ...

কিংবা জেগেও জাগরণ বৃথা
অথবা আমার কিছু ছিল অবশেষ ?
অথবা রাত্রি ছিল বাকি !

উপসংহারে নিশ্চিন্ত হই
মন তো কেবল শরীরের নয় , মনেরও !

-------/////////--------

অনুতাপ
© বিশ্বজিৎ সাহু

তোমায় নিঙড়ে খেতে খেতে
কবেই ডুবে গেছি একবুক গভীরে
অম্ল ক্ষার মেশা সে এক অসম্ভব প্রেত সমুদ্র
সাঁতার দিচ্ছি তুলে রাখতে চাইছি চিবুক

আমার শ্বাস বন্ধ হয়ে আসছে
স্ত্রী সন্তান আরো যারা কাছের
আবছা হয়ে আসছে শক্তি

কেবল দাঁতের মতো গুরুত্বহীন স্মৃতিই
বিদ্যুতের চকমকি হয়ে হাসছে মগজে
নিরুপায় দুর্বল আমি...
-----------------------------////--------------------------

.অন্তরার কৌতূহল
© বিশ্বজিৎ সাহু

অন্তরার কৌতূহল ব্যাপক , টানটান
মায়াবী জিজ্ঞাসার মাস্তুল পূর্ণতার পথ ফুরোতে
সর্ষে অভিসারে দ্রুতযান

ঘামের মোহে স্বেদ , লালার রসনায় ঠোঁট
সর্পিল চলন পেলে মনভোগে তৃপ্ত চাতক

দীর্ঘ পিপাসা অমন চরিতার্থ হলে পর
পলস্তারা খুলে ফ্যালে নির্মোক

সেভাবেই উদ্বায়ী সকল রোদ-ভালোবাসা
অন্তরার কৌতূহল থাকে যেভাবে !
----/------------/////;------------////-------------//;;---


আম্রমাধুরী সংখ্যা



সম্পাদকীয়:

বৈশাখ জৈষ্ঠ্যের আম্রমাধুরী অম্লান থেকে যায় আমাদের হালফিল আপকামিং ফ্যাশানেবল জগতে কোল্ডড্রিংকসে। এ যেন দুধের সাধ ঘোলে মেটানো। তবুও তার মাধুর্য্যে আমাদের অন্তর্লীন উপলব্ধি অক্ষুণ্ণ থাকে।

ঠিক তেমনি এমন অনেক কবি ও লেখক আছেন তাদের লেখনী এরকম মিষ্টতা আমাদের স্বাদকোরকে রাখতে সক্ষম। তাই অনেক সময় তাদের নিজেদের দেওয়া বা তাদের টাইমলাইন থেকে সংগৃহীত লেখনী "আম্রমাধুরী" সংখ্যায় সারপ্রাইজ প্যাকেজ হিসাবে তুলে ধরা হল। যা পাঠক মন চুরি করতে সর্বোপরি সক্ষম হবে এই আশা করি।

সুপ্রীতি বর্মন।


শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা-৫



চাণক্য বাড়ৈ


১. মনমিতি

জ্যামিতির জ্ঞান নেই, তাই জানতে পারিনি
কতটা পরিধি বিস্তৃত করে আছ চোখের গোলকে।
অথচ উপলব্ধির অতীত কোনো বিস্ময় নিয়ে
তোমার চোখের দিকেই তাকিয়ে আছি
অনির্ণীত কাল।

আর বলো, ত্রিকোণমিতি বুঝি না বলে
কত দিন পড়ে থাকব বহুকৌণিক দৃষ্টির ভ্রমে?
কিছুই যে জানি না, তবু
উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখে জেনেছি—
কতখানি বেগ নিয়ে এলে দীর্ঘ ব্যাকুল চুলগুলো
ডানা মেলে হাওয়ায়—
আর (রোদ্দুরে মেলে দেওয়া)
বাবুই পাখির বাসা হয়ে ঝুলতে থাকা
অন্তর্বাস দেখে জেনেছি, নিতম্ব আর স্তনের মাপ।

তোমাকে একবার
মধ্য আষাঢ়ের উজ্জ্বল দিনের উপমা দিতে চেয়েছিলাম,
তুমি কেঁদেই ফেলেছিলে—

অথচ, পৃথিবীতে নির্ভুল কোনো মনমিতি নেই...



 ২. বৃষ্টি :  আজও

আজও তোমার চুম্বনের কথা মনে পড়ে
বৃষ্টির ছাঁটে
আমার বিছানা একটু একটু করে ভেজে
তবুও খুলে রাখি জানালার কপাট।

এমনই বৃষ্টি ছিল সেদিন
তোমার চুলে
বৃষ্টির ছাঁটের গুড়িগুড়ি বিন্দুগুলো
ছড়াচ্ছিল ঝলমলে গৌরবের জ্যোতি
যেন মুক্তোর দানা--

আজও তোমার অন্তর্বাস
আমার দিকে অপলক থাকে চেয়ে ।

তোমার কবোষ্ণ ছোঁয়া আজও অনুভব করি আমি
শুধু তুমি নেই আজ…
আর আছে সব।
তোমার ঠোট, বাহু, নিতম্ব নাভি
আলতো ছোঁয়া
এমনকি
রমণের আহ্বানে তোমার রাঙা মুখের স্মৃতি
তা-ও মোছেনি আজও।

এমনই বৃষ্টি ছিল সেদিন
তোমার কোমরে আমার হাত ছিল
সেই হাত আছে আজও
চুম্বনের শিহরণ, সেও আছে আজ
আর আছে
এই বৃষ্টি…

আজও।

বর্ষামঙ্গল সংখ্যা-৪




নাসির ওয়াদেন এর  দুটি কবিতা
                        ১
          জলের শব্দে ঘুম ভাঙে

ছলাৎ ছলাৎ ঢেউ বয়ে যায় গভীর গাঙে
মনের কোণে ভালবাসা উথালপাতাল
বিজলি প্রেমিক বর্ষারাণীর ঠোঁট রাঙিয়ে
প্রেম ছড়ালো, এলো বুঝি বৃষ্টি মাতাল

গভীর রাতে খাটের ছায়া লাফিয়ে উঠে
ছায়ায় ছায়া জড়িয়ে ধরে নেশারঘোরে
আলোক মাঝে জড়িয়ে ধরে জানু ঠোঁটে
মাটি বুঝি গর্ভবতী, রজঃপাতে বৃষ্টি পড়ে ।

কুমারী তুই গর্ভে কারে দিলি বাসা, মত্ত নেশায়
শিল ঝরা মেঘ ক্লান্ত চাষীর তাই আশা জাগায় ।।
                          ----''----
                          ২
             লেহনে লেহনে বর্ষার রাত

একটু ছুঁতে চেয়েছিলে বর্ষা বুকের উপত্যকা
মাঝে মাঝে ছোঁয়াছুঁয়ি
ছোঁয়াচে  শোঁয়াপোকার রতিসম্ভোগে
বড্ড এক কদমচাল

ভাঙা কুঁড়েঘর একাকী দাঁড়িয়ে
বজ্রপাতেও ভয় নেই
মূর্তি যুগলের, ছায়াযুদ্ধ উপভোগ করে

ঝিরঝির বৃষ্টির শব্দ কোলাহলে
আবছা নড়াচড়া শীৎকার
বিজলির আলোয়  ধুয়ে মুছে যায়

এবার তোমরা পরস্পর পরস্পরের রক্তে মিশে
লেহনে লেহনে ভোগ করো  বর্ষার রাত ।
                      ----------

বর্ষামঙ্গল সংখ্যা-৩




[১] ১ম বর্ষাতি-র কবিতা
----------------------------------------
###

(ক্রমশঃ-ক্রমশঃ) ~ ১মুঠো মুথোজল
মুখোমুখি ফসল : পেরোচ্ছে রেললাইন চড়ুইভাতি
বৃত্ত - অতিভুজ ~ একেকটা চাঁদ-জ্যা-মিতি
উপগ্রহ শরীর : গলনশীল বরফে (ক্রমশঃ-ক্রমশঃ)

###

তারপরেও (ঘষটে-ঘষটে) আগামী ঘাস
চুঁইয়ে পড়ছে %ঘাম।প্রতিটি প্রতিবিম্ব বিদ্রোহী
আকাশ - জ্বর - স্বপ্ন ~ মাটিঘাত প্রকৃত গুণিতক
ইথারফলা ~ মেঘ-তড়িৎ পরিবেশন (ঘষটে-ঘষটে)

###

হ্যালোশিনেশন ~ (মাপতে-মাপতে) ঘোর চুম্বক
চারপাশ ঘোর কৃষ্ণকায়।ডাহুক প্রতিবেশী
(মাপতে-মাপতে)-ই : ঝোড়োবোবা মৃতঝড়
চুম্বকীয় পৃথিবী ছেড়ে ~ জলীয় পূর্বাভাষ


শব্দরূপ : রাহুল গাঙ্গুলী


বুধবার, ১১ জুলাই, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা-2



১. কবিতা

*যদি মেঘ হয়ে যাই*

পায়েল খাঁড়া।

আচ্ছা, যদি মেঘ হয়ে যাই কোনো আষাঢ়ের বিকেলে

আর এক পশলা বৃষ্টি নিয়ে হাজির হই

তোমার ওই দখিনমুখো ঝুল-বারান্দায়,

তুমি তখন দার্জিলিং চায়ের সুগন্ধী ধোঁয়ায়

একের পর এক শব্দ সাজাচ্ছো ঝরনা কলমের ঠোঁটে।

তোমার সদ্য একুশ বয়স,

এলোমেলো চুল আর আদুল বুক

আর সেই খামখেয়ালী বহেমিয়ান সুর—

জানি প্লাবন ডাকবে আমার অষ্টাদশী স্নায়ুতন্ত্রে।

কদমের গন্ধে ভেজা এক আঁচলা জল ছিটিয়ে দেবো গায়

চমকে তাকাবে তুমি

আলসেতে তখন বৃষ্টিফোঁটার কথাকলি,

মেঘলা হাওয়ায় ভাসছে ‘আসরের’ নামাজ।

শহরটা তখনও আগলাবে দৈনিক ক্লান্তি

টেলিগ্রাফের তারে একজোড়া পায়রা

মেখে নেবে অন্তিম লগ্নের কিছু একান্ত আপন উষ্ণতা;

তুমি হাত বাড়িয়ে দিও অন্তহীন শুন্যতায়

ছুঁয়ে দিও গলে পড়া মেঘ,

যদি অকারনেই একচিলতে হাসি ফোটে তোমার ঠোঁটের কোনে

তবে জেনো—

চুপুসাড়ে কখন যেন

বলে গেছি কানে কানে—ভালোবাসি!


২.কবিতা

*ইতি মনীষা*

প্রিয় অতনু,

নয় নয় ক’রে কাটল আবারও বছর খানেক

আছিস কেমন, তোর পরবাসী দিনযাপনে?

সে দেশে শুনেছি নাকি ঋতুর নেই ফের

দিন আসে দিন যায়—শীতের আওতায় একরঙা গ্রাফিতি

বৃষ্টি ভেজায়, পাতা ঝরায়, ছড়ায় দু-মুঠো রঙিন উত্তাপ বসন্তের

পারদের নিরুত্তাপ সমলেখ জ্যামিতি!

সবটাতেই কী ভীষন মাখামাখি

একটা যেন নিখুঁত ফাঁকি আর—

যাক্‌ গে, সে কথা ছাড়;

তোর ভালো থাকাটাই তো একান্ত প্রয়োজন।

জানিস, আমাদের শহরে ভরা শ্রাবণ এখন।

কাকভেজা শরীরে তার মন কেমনের গন্ধ

রাস্তারা বানভাসী, খানা-খন্দ টইটুম্বুর

জল ঠেঙিয়ে নিত্য যাতায়াত

করতে হবেই কাজ, জোটাতে হবে তো ভাত,

তবু গরম খিচুড়ি আর ইলিশের ভুরভুর গন্ধে

দুপুর-সংসারগুলো ঠিক মেতে ওঠে সেই চেনা ছন্দে।

ফুটপাতের ওই খাপরা ছাওয়া রোজনামচাগুলো

এবারও সঁপেছে নিজেদের অদৃষ্টের হেপাজতে

মনে মনে গোনে গথ—

ফুটো চাল আর ফাঁকা হাঁড়িতে এবারটাও কেটে যাক কোনোমতে।

আকাশের নীল পাঁজরে কৃষ্ণকলি মেঘ

ক্ষণে ক্ষণে মুদ্রা বদলায়

ধোঁয়ার ভেজাল আর বহুতলের কাটাকুটি খেলায়

মুষড়ে পড়ে সে বারবার; তবু বৃষ্টি ঝরায়

ভিজিয়ে যায়, এঁদো গলি থেকে বুক চেতানো রাজপথ।

দেখি আরেক প্রস্থ সবুজের শোভাযাত্রা

যান্ত্রিক শহরের পাথুরে পলেস্তরায়।

থমকে দাঁড়ায় ট্রাফিক—

এ বর্ষা’ই তো জিরেন দেয় তাকে—অনর্গল অজুহাত

একানে ছাতার নীচে কত প্রেম আর্দ্র উষ্ণতা মাখে!

আচ্ছা দেখি বল—মনে কি পড়ে তোর আর,

নামলেই অঝোর ধার—

জুড়তিস কেমন আমার কাছে গান শোনবার আবদার।

এখন আর গাওয়া হয় না রে তেমন ক’রে

গলায় খেলে না সুর, স্বরলিপিতেও জমেছে ধুলো

শ্রোতাই বা কই তোর মতো আজ আর এই মেঘলা শহরে!

বৃষ্টি নামলে তাই গিয়ে দাঁড়াই

খোলা বারান্দায় চোখ বুজে;

রেলিঙে ফোঁটার ভিড় তোর কথা বলে

ভেজে শরীর ভেজে চুল ভিজে ওঠে দৃষ্টি

নাছোড় বৃষ্টি—এ শহরে ভেজায় না শুধু কংক্রিট

ভিজিয়ে যায় অনুভূতি স্মৃতির কোলাহলে।

জানি তুইও ভিজিস;

তোর অচেনা আকাশের বাদলা মেটায় কি মনের তৃষা!

জানি’না—পারলে জবাব দিস

                      ইতি তোর মনীষা...



বর্ষামঙ্গল সংখ্যা-1



১. কবিতা:

আগুন-জলে শ্রাবণ বাসর

মায়িশা তাসনিম ইসলাম

বারুদ চাঁটা সত্যের বুকে জলেরা আঁকে প্রেমের নির্যাতন
চন্দ্রবৈধব্যের মাটি ভিজে গিয়ে হাতে পড়ে নেয় সবুজ পাতার ব্রেসলেট...
মেঘের চিবুকে তুমি আগুনের ঝাঁঝ!
অনির্বাণে জ্বলুক বরষার ম্যাক্সির তলে বিধবা রমনীর স্তন!

বীর্য-শশ্মাণে প্রবেশ করে
সমাজের কাঁদায় লেপ্টে থাকা পা!
কবর খুঁড়ে বেরোয় চন্দনের মিথুন-ফোয়ারা!

পুরনো বটের শেকড়ে চুমু খায় কদমের ঠোঁট।
কুয়াশার দাসত্ব কিনে নেয়া শ্রাবণ,
ঘর্মাক্ত পিঠে লিখে দেয় গোপন উপন্যাস!

বেনোজল-কেশে ঢাকা কপালে স্বপ্নের আঙুল,
লাল টিপের পুনরায় জন্মকালীন আর্তনাদ!
মৃত্যুঘোর কেটে গেলে বৃষ্টির নির্মানে ঠাঁই নেয় অমরত্বের লাজুক অপরাধ।



২. কবিতা:

 রহস্য-পর্দা

মায়িশা তাসনিম ইসলাম

আজ জানালারা উঠে আসে কোমা থেকে
         কারণ শরতের কোলে আশ্রিত অসুস্থ গ্রীষ্মে
       ভর করছে ধ্যানত্যাগী অভ্রনয়ন!  কাজলমাখা নীলের চুম্বনে
         দালানের দগ্ধ পাপগুলোতে নীলাম্বরীর শয়ন!
                       
মৃত্তিকার বুক ফুঁড়ে বেরোয় গলিত সংবেদ্য,
         কামাতুর আকাশ-দেবতা!
সবুজ প্রেমিকাদের অভিসার-তৃষিত শরীর ভেসে যায়
       জলজ উষ্ণতায়!

জানিনা, তোমার মনে আছে কি না
শরীর থেকে সমস্ত বিষাদ পান করে
          অমরত্বের ঘ্রাণ নিয়েছিল নশ্বরতা।
কেঁপে উঠেছিল পাথুরে বোধ
                   অনিরুদ্ধ অক্সিজেনে!
তুমি জিজ্ঞেস করে উঠলে কিছু একটা
          যে প্রশ্ন আজো শতাব্দীর স্পন্দনে জাগায়
স্নিগ্ধ প্রলাপ!
         উত্তর দেইনি।
শুধু কপোলের উদ্যানে ঝরেছিল
                     এক ফোটা অশ্রু-শিশির।

শুক্রবার, ৬ জুলাই, ২০১৮



সম্পাদকীয়।
সুপ্রীতি বর্মন।

লিখে ফেলুন চটপট।
"বর্ষামঙ্গল সংখ্যা"।
কলমের গর্ভস্রোতে বানসুন্দরীর কনক কাঁকন প্রেমিকের মনে সুর তুলুক ছলাৎ ছল নায়িকার কাঞ্চন কোমর ঝাপটার রিনিঝিনি বীর্যপাতে তোমার বর্ষামঙ্গল প্রানে আনুক প্রেয়সী উন্মাদনা তিতিক্ষা বৃষ্টি পরকীয়া মেঘরাজের সংসার।
বর্ষামঙ্গল তোমার ন্যাওটা স্রোতের প্রেমের জোয়ার সংকুচিত ঘরকুনো ছারপোকা তোমার বিষদাঁত ভাঙুক শ্যাওলা ধরুক তোমার সীমাবদ্ধতার চারদেওয়ালে।
আজ মোহনায় হোক সঙ্গম তোমার ছাঁটের সাথে আমার আঁচল।
হোক হোক বর্ষা ক্ষতি নেই আর।
ভেঙে ফেলো লৌহকপাট।
ওরে গৃহবাসী খোল দ্বার খোল ভেসে যাক তোর হিসেবী সংকোচনশীল হৃদয়।

"প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে বাঁধন খুলে দাও, দাও দাও দাও।ভুলিবো ভাবনা পেছনে চাহাবো না পাল তুলে দাও দাও দাও দাও।"

বর্ষামঙ্গল সংখ্যায় আপনার প্রিয় ও সেরা রচনা পাঠিয়ে দিন ২০ শে জুলাইয়ের মধ্যে।

আমার মেলে supritibarman769@yahoo.in

অবশ্যই সম্পাদকীয় পড়ে থিম অনুসারে সমৃদ্ধ রচনা পাঠিয়ে দিন দুটো বা তিনটে কবিতা।