স্বাধীনতা সংখ্যা। লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বাধীনতা সংখ্যা। লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

স্বাধীনতা- ১৯



১. কবিতা: স্বাধীনতা

Amit Naskar

যেমনি খোলা দ্বার, সহস্র জোনাকির অভিসার,
স্বাধীনতারে বুকে নিয়ে, শুধু মরিবার!
দিন যায়, রাত যায়, চলে যায় সময়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, হায়! তারে খুঁজে নাই পায়!


দেখল সে চোখ মেলে, সেই অসীম আকাশ,
তারি বুকে লেখা কত, কত ইতিহাস।
তারি বুকে লেখা কত, কত মহা-মানুষের নাম,
তারি সাথে ভেসে গেল, কত স্বাধীনতার দাম।
ভেসে গেল কত রক্ত, কত কান্না, কত কত হাহাকার,
অনেক পথ ফুরাল, এখনও অনেক পথ ফুরাবার!
সব তারা নিভল, সব পাখি উড়ল, বাতাস ভরলো সেই দখিন্ হাওয়ায়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, হায়! তবু তারে খুঁজে নাই পায়!


দেখল সে হাজার মিছিল, হাজার মিটিং, কত প্রতিবাদের ঝড়,
তারি সাথে উড়ে গেল, কত! কত মানুষের ঘর।
উড়ল আকাশ জুড়ে, কত বিজয় পতাকা,
তারি সাথে কাটা গেল, কত মানুষের মাথা।
কাটা গেল কত বিবেক, কত মনুষ্যত্ব, আজও আছে ব্যাথা তার,
অনেক পথ ফুরাল, এখনও অনেক পথ ফুরাবার!
সব তারা নিভল, সব পাখি উড়ল, বাতাস ভরলো সেই দখিন্ হাওয়ায়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, হায়! তবু তারে খুঁজে নাই পায়!


দেখল সে চোখ মেলে, কত পদ্মমুখী চোখ,
তারি মাঝে লেগে থাকা, সেই পদ্মকাটাঁর শোক্।
উড়িয়ে তার আঁচলখানি, সে দেবী দশভূজা,
তারি সাথে লুন্ঠিত, তারি নারীর সত্ত্বা।
লুন্ঠিত কত লজ্জা, কত সজ্জা, কত কত অলংকার,
অনেক পথ ফুরাল, এখনও অনেক পথ ফুরাবার!
সব তারা নিভল, সব পাখি উড়ল, বাতাস ভরলো সেই দখিন্ হাওয়ায়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, হায়! তবু তারে খুঁজে নাই পায়!


দিন যায়, রাত যায়, চলে যায় সময়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, হায়! তারে খুঁজে নাই পায়!
তারে সে কোথায় খোঁজে, কোথায় সে পায়,
মনে মনে ভাবে তাই, সে বুঝি অসহায়।
মনে মনে ভাবে সে, নাই সে নাই,
বৃথা এই খুঁজে চলা, কোনও লাভ নাই।
দিন যায়, রাত যায়, চলে যায় সময়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, হায়! তবু তারে খুঁজে নাই পায়!!


হাজার পথ শেষে, এবার বন্ধ সে দ্বার,
স্বাধীনতারে বুকে নিয়ে, শুধু মরিবার!
যেমনি বন্ধ দ্বার, সহস্র জোনাকির অভিসার,
খুঁজে পেল, খুঁজে পেল, তারি সেই অলংকার।
বুকের মাঝে এতদিন, ছিল যে তার,
তাকে নিয়ে এইবার, শুধু মরিবার!
তারে সে ডাকে শুধু, আয় কাছে আয়,
বুকের মাঝে তবু, কেনও দূরে সরে যায়!
তারে সে পাবে, তাই সে তারি কাছে যায়,
নিজতার কোন বলে, তবু ঢাকা থেকে যায়।
নিজতার কোন জালে, সে দুরে সরে যায়,
নিজতার কোন বাঁধন, সে বাঁধা থেকে যায়।


যেমনি ভাঙা দ্বার, সহস্র জোনাকির অভিসার,
একদিন-একদিন, ছাড়াবে সে তার সকল পাড়।
আকাশ তখন ভরবে আবার, সেই আলোর ধারায়,
জীবন-মৃত্যুর কোনও খেলাই, বাকি রবে না আর।
মনের মাঝে নিজের-পরের, ছিঁড়বে সকল তার,
ছোট-বড়, উঁচু-নিচু, সব হবে একাকার।
সব তারা নিভবে, সব পাখি উড়বে, বাতাস ভরবে সেই দখিন্ হাওয়ায়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, সবই তার বুকের মাঝেই হায়!
সব তার ছিঁড়বে, সব বাঁধন খুলবে, হারাবে সে তার, নিজের অসীমতায়,
স্বর্গ-মর্ত্য-পাতাল, স্বাধীনতা তার বুকের মাঝেই হায়!!!




২. কবিতা: আমি শুধু হাসি
Amit Naskar

অর্থ আমারে করেছে খুশি, আমি অর্থের গান গাই,
ভালোবাসা! সেতো হাসির কথা, আমি শুধু হাসি তাই।
অর্থের বলে আমি বিশ্ব ঘুরি, আমি দেখি অর্থের রুপ,
সন্ধ্যা-আরতি, আজানের গান, ভুলেছি হারানোর সুখ।
দুই শালিকে আর করেনা ঝগড়া, আমার বাড়ির ছাদে,
কখন আসে, কখন যে যায়, আমার হাসির ফাঁকে।
দমকা এই হাসির চোটে, নীরবতার বানী গুমরে কাঁদে,
মুগ্ধতা আর আসে না ফিরে, আমার এই হাসির মাঝে।
ও মেয়ে তোর আঁচল দেখে, মনে পড়ে না আর মায়ের কথা,
সোনা-রুপা দিয়ে তাই, এবার তোর মুর্তি গড়া।
ঐ মুর্তির অহং মেখে, আমি জ্বালাই তোকে, আর নিজেও আমি জ্বলি।
ও মেয়ে তোর রুপের অহং, হায়রে! কারে আমি বলি।
প্রেমের কথা যতই বলি, ইন্দ্রীয় ভোগে ততই মাতি,
ভালোবাসা, তারে হাটে কিনি, আর আমি শুধু হাসি।

অর্থ আমারে করেছে খুশি, আমি অর্থের গান গাই,
ভালোবাসা! সেত হাসির কথা, আমি শুধু হাসি তাই।


৩. কবিতা: উল্টোস্রোতে

Amit Naskar

বইছে রক্ত উল্টোস্রোতে, আসক্তিরই রঙে রেঙে,
বেচা-কেনায় মন মেতেছে, মনুষ্যত্বের এই বাজারে।
বিবেক-বুদ্ধি হল বেচা, ভালোবাসা এবার হল কেনা,
নারীত্বে আমার ঘূণ ধরেছে, যায় না আর তাকে চেনা।
ধর্ম এবার বলছে কথা, ব্যাকুলতার সব উর্ধ্বে উঠে,
সন্ধ্যা-আরতি, আজানের গান, পায় প্রতিষ্ঠা আমার আমিত্বে।
বাইবেল, কোরাণ, গীতার বানী, চলছে তারও দর কষাকষি।
ভক্তিমাখা চোখের পানি, হায়রে! তোরে আমি কোথায় বেচি?

বইছে রক্ত উল্টোস্রোতে, আসক্তিরই রঙে রেঙে,
বেচা-কেনায় মন মেতেছে, মনুষ্যত্বের এই বাজারে।





সোমবার, ২০ আগস্ট, ২০১৮

স্বাধীনতা- ১৮




স্বয়ংক্রিয় স্বাধীনচেতার মোড়কে এক নারী সত্ত্বা।

১. কবিতা: এবং একজন কবিতাগন্ধা নারী

মায়িশা তাসনিম ইসলাম


কেউ একবার বলুক, তুমি কবিতার মা

আমার একক শব্দ প্রসবিনী

ঝর্ণার মতো লিখতে লিখতে ভেঙে পড়বো পাথর-মরমে

দিনের নদীকে রাতের পরম সমুদ্রে একাই বয়ে নিয়ে যাবো।


কেউ বলুক, হে কবিতাগন্ধা নারী

তোমার বুকের গভীর খাদেই আমার মরণ!

সেই বুকের নামেই লিখে দিলাম সমস্ত জমির দলিল।

তখন নির্বিঘ্নেই হয়ে উঠবো মমতাময়ী মা, শব্দের রাঁধুনি!

ভাতের মত শব্দ মেখে মেখে খাইয়ে দিবো কবিতার সেই সন্তানকে।


কেউ যদি বলে, তুমিই কবি, আমার কবি...

যার শব্দের ভাঁজে ভাঁজে নিজের জন্য মারণাস্ত্র খুঁজি

আত্মহত্যা করে বেঁচে উঠি এক মসৃণ নরকে!

তবে তার জন্য অনন্তকাল ঝরাবো চোখের জমজম-অশ্রু

এই কবির কবিতার পাণ্ডুলিপিই হবে তার একমাত্র ধর্মগ্রন্থ।




২. কবিতা: হিপোক্রিট

মায়িশা তাসনিম ইসলাম


আমি তোমাকে কখনই প্রকাশ্যে চুমু খাবো না

এটা পাপ, বিশেষ করে সামাজিক পাপ

এবং নীতিবিরোধী আচরণ!!

আবার আমিই তোমার মত চুমু খাওয়ার দৃশ্যে বিচলিত হবোনা

ছি ছি করে উঠবো না।

তখন তুমি বলতেই পারো

"শালা আমার প্রেমিকা একটা হিপোক্রিট!"

আমি বলবো আমি আদর্শ বাঙালি নারী

এবং আমিই কবি।

দুজন যমজ হয়ে একই গর্ভে জন্ম নিলে তুমি শুধুই দেখবে আলোর মত অন্ধকার।

সেই অন্ধকারের নাম দিয়েছি মায়াবতী...

মায়াবতীর গর্ভেই জারজ সত্যেরা জন্ম নেয়।


স্বাধীনতা- ১৭



১. কবিতা: আমার কাছে স্বাধীনতা

জয়ন্তী কর্মকার।

______________________


স্বাধীনতা মানে আমার কাছে

এক সিন্ধু মহাসাগর

স্বাধীনতা মানে আমার কাছে

বাড়ির উঠোন দুব্বো ঘাস।


স্বাধীনতা মানে আমার কাছে

মায়ের পুরোনো কাপড়

স্বাধীনতা মানে আমার কাছে

ফুটপাতের থালা ভরতি বারোমাস।


স্বাধীনতা মানে আমার কাছে

রক্তচক্ষু উপেক্ষা

স্বাধীনতা মানে আমার কাছে

মায়ের কোল ভর্তি জুড়ে মেয়ে।


স্বাধীনতা মানে আমার কাছে

ধর্ষকের শাস্তির অপেক্ষা

স্বাধীনতা মানে আমার কাছে

আত্মসম্মান বড্ড দামী ঠুনকো প্রেমের চেয়ে।


স্বাধীনতা মানে আমার কাছে

দু'মুঠো ধান আর তিল

স্বাধীনতা মানে আমার কাছে

তীব্র প্রতিবাদ।


স্বাধীনতা মানে আমার কাছে

ছোটোবেলার ঘুড়িতে আঁকা চিল

স্বাধীনতা মানে আমার কাছে

ভালোবাসা দিয়ে মিটে যাক সব বিবাদ।।




২. কবিতা: অলীক প্রদেশ

জয়ন্তী কর্মকার।
____________________

দুটো আঁকিবুকি আঁকি বরং

দুটো জলতরঙ্গ বয়ে যাক

দু'চোখের দুই  দৃষ্টিকোণ মাপুক

যে নদীর অন্তরাল পুড়ে খাক ।

দুটো চাঁদহীন আকাশ গড়ি

দুটো তারা হোক ধুমকেতু

একটা সূর্য খসে পড়ুক

যে গ্রাম ধ্বংস হয়েছে অন্ধকারের হেতু।

দুটো জলহীন ব-দ়্বীপ বানায়

দুটো মরুভূমি হোক সবুজ

একটা কাঠের প্রাসাদ হোক

যে প্রদেশে বন্দ়ুক -তলোয়ার সব বোবা

শুধু ভালোবাসা হবে অবুঝ॥

                           





স্বাধীনতা- ১৬



স্বাধীনতায়...

কৌশিক চক্রবর্ত্তী


কঙ্কাল থেকে মানুষ গড়ার চাষে

বাহাত্তরেও গৌরীদানের ভয়,

সতীদাহ নেই, তবু সতীত্বে বাজি

স্বাধীনতা ভেঙে ঘর নিয়ে সংশয়।


জমি নেই তাও বিপন্ন সমঝোতা

শহর এখনো গ্রামের মধ্যে বাড়ে

বারোয়ারী বিধি, জাতীয় উচ্চারণে

বরফ গলুক এদেশের কালচারে।


ঘোর কেটে গেলে অনুনয় পাংক্তেয়

গ্রহণযোগ্য বর্তমানের খেদ

স্বাধীনতা নয়, নেশা আছে সব মনে

সবে ধেয়ে গেছে অখিলেশ, মুর্শেদ-


প্রকাশিত মেঘ, অঘোষিত বৃষ্টিরা

শহীদ সাজতে অন্যধারায় ঝরে

মাটি ভিজে নেই, নেই আর সঙ্কোচ

বেশ ধরা যায় প্রগতির অন্দরে


ভিটেমাটি ছাড়ো, রাজা হও সস্তার

প্রাসাদ বিকিয়ে পাদুকা পূজন যথা

স্বপ্ন শিয়রে, ভেঙে গেলে রাজকোষ

নিলামে উঠবে গোপনীয় স্বাধীনতা।




স্বাধীনতা- ১৫



১. কবিতা: স্বাধীনতা দিবসে

            -বরুন কুমার আড়ী


এই দেশ আমার দেশ।

এই দেশ আমাদের দেশ।

এসো বন্ধু সবে মিলে ভোগী,

বিলিয়ে নিই স্বাধীনতার রেশ।


স্বাধীনতা দিবসে মরমের সুর আর

আক্ষেপের হুঙ্কার,ফুটছে ধানভাজা খইয়ের মতো,

সেই সকাল থেকে, বক্তৃতা হয়ে।

কখন থামবে কে জানে!

দুপুর দুটোয় মধ্যাহ্নভোজন।

সময় আর এগোতেই চায় না।

স্বাধীনতার স্ব- না বোঝা ওদের ধুলোমাখা

অভুক্ত শৈশব,আজ হুমড়ি খেয়ে পড়েছে

১৫ই আগস্টে দুপুর দুটোর মধ্যাহ্নভোজনে।

আমাদের পাড়ার নবোদয় সংঘ‌ ক্লাবে।


অবশেষে প্রস্তুত ভাত মাছ ভরা টেবিল।

কিশোরির অপটু কাঁখ ছোটো ভাইকে নিয়ে,

ঝাঁপিয়ে পড়ে ক্ষুধার্ত হায়নার মতো।

হঠাৎ কি বিভৎস হাঁক ডাক।সেই আগের মতো।

মঞ্চে শক্ত শক্ত কথা বলা সেই ডাক। তখন কিছু বোঝেনি ওরা।

এখন ওরা শুধু বুঝলো,জামাপ্যান্ট পরা ভদ্দরলোক বসবে এখন।

অগত্যা আবার সেই পেট আঁকড়ে অপেক্ষা,আর শক্ত ভাষার পুনরাবৃত্তি।




২. কবিতা: জননীর যাতনায়

                   -বরুন কুমার আড়ী


কোথা যাও পথিকবর সঙ্গে লয়ে ঝুলি।

       দেখিয়া ভাবি যোগী তুমি

   লও এ যাতনা ধ্বনি।

       বিবর্নতার পোশাকে আমি

     অনগ্রসর কলি।


তুমি মাগো স্কন্ধমাতা

     এ ভারতের জননী।

পঙ্কিলসম তিক্ততায় আজ

    তোমার ললাটবরনী।

রক্ষিতে মা তোমায় আজি

       যাইবো অমরাবতী।

ধ্বংস করিব ইন্দ্রপুরী

        হইব শক্তিপতি।

দেখিব কে দেয় বাধা

   কে ধ্বংসে,এ আরতি।


পুত্র তুমি,হে যোগী

   ধ্বংসিও না কিছু।

তোমা সম সন্তান হোক

   থাকুক ধরনীর পিছু।


আমার মাতা ধ্বংস যেথা,

        সেথায় ইন্দ্রপুরী !

বিলাসপুরীই সে তো শুধু,

তোমার অনিষ্টকারী।

ক্রুদ্ধ চোখে নামেনি সে

        বজ্র সঞ্চারী।

ক্রুদ্ধ আমি ধ্বংসিব সব

       সকল অনিষ্টকারী।

আশীর্বাদ হে মাতঃ

       হই সফলকামী।




স্বাধীনতা- ১৪



স্বাধীনতার মানে


শুভ্রাশ্রী মাইতি।


স্বাধীনতার মানে কি?


চৌমাথার মোড়ের প্লাস্টিকের তেরঙ্গা পতাকা বিক্রি করা ছেলেটাকে প্রশ্ন কর।

পিচুটি চোখের একমুখ হলুদমাখা হাসি বলবে----

ই আর বলতি হয়! দুটা বেশি পয়সা গো বাবু...আর কিছু নয়!

যা দিয়া ইকটা রুটি বেশি কিনা যায়...

পেটের উনানটার আগুন কিছুতেই নিভতে চায় নি যে!


যদি প্রশ্ন কর মাংস দোকানের ফাই-ফরমাশ খাটা বাচ্চা ছেলেটাকে

রক্তমাখা ছুরিটা ছাল ছাড়ানো মুরগীর শরীরে বসাতে বসাতে বলবে---

দোকানের বেশি বিক্রি ছাড়া আবার কি?

একটা গোটা ছুটির দিন বলি কথা---মদ-মাংস ছাড়া আয়েস হয়!

জান,আজ মুইও খাব মা-বোনের সাথে--একথালা গরম ভাত আর বাতিল ছাঁটকাটের মাংসের ঝোল।


আদালতে ছেলের বিরূদ্ধে বিচার চাইতে আসা আশির নুয়ে পড়া বৃদ্ধাকে প্রশ্ন কর।

শুকনো চোখের জল মুছে বলবে---

লাথি-ঝাঁটা না খেয়ে আর কটা দিন যেন শান্তিতে কাটাতে পারি।


যদি প্রশ্ন কর অন্ধকার গলিতে দাঁড়ানো রং মাখা সূর্যাস্তের যৌবনকে--

কোমর দুলিয়ে চোখের ইশারায় বলবে---

আজ বাবুরা দিলখোলা গো!

হাতে দুটো পয়সা জমলে কোলের মেয়াটারে পড়ালিখা শিখাবো।


এভাবেই প্রতি বছর আসে স্বাধীনতা দিবস।

যেমন আসছে একাত্তরটা বছর ধরে---

বিপ্লবীদের মিছিল,পিস্তল,হাতবোমা আর ফাঁসির দড়ির রক্তভেজা মানচিত্রের

টুকরো টুকরো সীমায় আজও দাগা বুলিয়ে চলে

ভিটেছাড়া আব্দুল মাঝি,ছিনাথ বহুরূপী আর দুলে বাগদীর বউটা।

বয়স বাড়তে বাড়তে তিন কুড়ি ছাড়িয়ে যায়--এখনও খুঁজে চলে নিজের দ্যাশ,নিজের মাটি।


দেশ ভাঙে আর গড়ে----

স্বাধীনতার মানে শুধু পাল্টে পাল্টে যায়।



স্বাধীনতা- ১৩



কিছুটা স্বাধীনতার জন্য

---------------মৈনাক চক্রবর্ত্তী

আরো কিছুটা স্বাধীনতা পাবে বলে,
সীমান্তের কাঁটাতার ধরে-
হেঁটেছে মানুষ মুক্তির আনন্দে।
একদিন এই মাটিতে ঝরেছিল
ফোঁটা ফোঁটা রক্ত, ঘাম, ছিন্ন অঙ্গ;
সান্ত্বনা ছিল মনে, দেশ স্বাধীন হবে.....
লৌকিক লোকাচারে স্বাধীন হয়েছে দেশ!
কিন্তু,
তার প্রতি ধূলিকণায় পরাধীনতার বিদ্বেষ।

আরো কিছুটা স্বাধীনতা পাবে বলে,
ডানা মেলে আকাশে ওড়ে
নিষ্পাপ শৈশব।
তবুও তাকে বাঁধা হয়
অক্ষরমালার লম্বা শিকলে-
পরাধীন হয় শৈশব।

আরো কিছুটা স্বাধীনতা পাবে বলে,
এক নারী স্বপ্ন দেখে,
এক প্রগতিশীল সমাজের।
তবুও স্বাধীন দেশের প্রতি প্রান্তে
শোনা যায় চিৎকার.......
নারীদের স্বাধীন করার জন্য......

আরো কিছুটা স্বাধীনতা পাবে বলে,
গরজে ওঠে প্রতিবাদ।
দৃঢ় হয় লেখনীর কলম।
তার বদলে সে পায়, দেশদ্রোহীর তকমা.....
লুন্ঠিত হয় স্বাধীনতা।

আরো কিছুটা স্বাধীনতা পাবে বলে,
অন্ধ গলির মোড় ছেড়ে-
ছুটে পালাতে চায়, অসহায় নারী সত্ত্বা।
কিন্তু,
সমাজের অনৈতিক শিকল, জড়িয়ে ধরে পা!
টেনে হিঁচড়ে নিয়ে যায় আরো অন্ধকারে,
দেহের মলাটে অন্ধকার এঁকে দিতে।

আরো কিছুটা স্বাধীনতা পাবে বলে,
হাঁস-ফাঁস করে দশটা পাঁচটা মধ্যবিত্ত মন।
তবুও মেলেনা স্বাধীনতা!
উর্দ্ধতনের অঙ্গুলিলেহনে
নিতান্ত খেলার পুতুলের মতো,
এ ফাইল থেকে ও ফাইল-
স্বাধীনতা পায়না টাইয়ে বাঁধা কলার.....

আমরা স্বাধীন হয়েছি বহুকাল,
বুক ফুলিয়ে বলতে ভালো লাগে,
আমার দেশ স্বাধীন।
কিন্তু, তা প্রশাশনিক স্বাধীনতা।
আমরা পাইনি সামাজিক স্বাধীনতা-
........পাইনি মন খোলা আনন্দের স্বাধীনতা
........পাইনি মুক্তির অনুভব
তবুও আমরা খুশী, একপেশে স্বাধীনতা নিয়ে!

স্বাধীনতা- ১২



তোমরা যাকে হত্যা করেছো
টিপু রহমান

যার উন্নত তর্জনীর সন্মোহনী ইশারায়
বেড়ে গিয়েছিল মনোবল মিছিলে,মিটিংএ,আন্দোলনে
ঢেউ উঠেছিলো প্রতিটি নদ- নদীতে বঙ্গপোসাগরে
ঢেউ উঠেছিল প্রতিটি সবুজ সোনালী মাঠ-ফসলী ক্ষেতে...

তোমরা তাঁকেই হত্যা করেছো যিনি এ বঙ্গের নামে নাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান?
তোমরা তাঁকেই হত্যা করেছো এ দেশটা যিনি এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান?

যাকে গণমানসের নেতা করেছে পুরো জাতি
কেন তাঁকে হত্যা করলে তবে তোমরা পাপী?
রাজপথ-মিছিল-বিক্ষোভ আন্দোলন চেনা মানুষটিকে
রাষ্ট্রযন্ত্র প্রশাসনের কুটিল মারপ্যাঁচ বুঝতে কতটুকুই বা সময় দিলে?
দূর্ভিক্ষের অসহিষ্ণুতার সুযোগ নিয়ে
কিছু সুযোগসন্ধানী চাটুকারদের ভুলের সুযোগ নিয়ে
মনের গভীরে ক্ষমতার গোপন লোভ নিয়ে
বৈদেশিক ইন্ধনে বিপথগামী তোমরা তাকে হত্যা করলে
গুটিকয়েক নোংরা রাজনৈতিকের ইশারায় তোমরা তাঁকে হত্যা করলে...
এতো বড় বিশাল মনা মানুষটিকে স্রেফ খুন করলে....

তোমরা একজন মুজিবকে মারতে পেরেছো
তাঁর দেহটাকে অশ্লীল বুলেটে ঝাঁঝড়া করে দিয়েছো
তাঁর স্ত্রী দেশমাতাকেও খুন করেছো
তাঁর আত্মজদের বিভৎস ভাবে খুন করেছো
এমনকি শিশু রাসেলকে পৈশাচিক হত্যা করেছো...
কিন্তু তোমরা কি তাঁর রেখে যাওয়া কর্ম আদর্শকে
আদৌ হত্যা করতে পেরেছো?
একজন মুজিবকে হত্যা করে তোমরা কোটি মুজিবের জন্ম রুখতে পেরেছো?

বাংলার ঘরে ঘরে এখন তাই কোটি মুজিবের দীপ্ত পায়ের আওয়াজ পাওয়া যায়...
বাতাসে ভেসে বেড়ায় তোমার সৃষ্ট চির অমর কবিতা
অজর কাব্য,সেই শ্লোগান "জয় বাংলা"...

বঙ্গবন্ধুর রক্ত ৩২ নাম্বারের সিঁড়ি বেয়ে বেয়ে
মিশে গেছে এই নদী মাটি মানুষের হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে...
এই বাংলার প্রগাঢ় সবুজ শষ্য ক্ষেত, সোনালী ফসলের আঘ্রাণ
সব কিছুতেই তুমি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান...

স্বাধীনতা- ১১



●   ভালবাসার স্বাধীনতা  ●

         □   নাসির ওয়াদেন   □

আন্দোলিত দিনসমূহ বৃক্ষের শাখা হয়ে
অনবরত দুলছে বাৎসল্যের ঢেউয়ে

একটি স্বাধীনতা দিবস মুঠো মুঠো
লাবণ্য ছিটোচ্ছে দুই হাতে

কচি কচি শিশুর মাথায় জটিল গণিত •••

বইখাতা ফেলে আমাদের শিশুরা
অন্যরকম অমলিন সাজে সেজেছে
ইউনিফর্ম নেই, নেই বাক্সপাটরা, কলম
শুধু খেলা আর একরাশ উচ্ছ্বাস ---

শ্রাবণের মিষ্টিধারা ক্লান্তিহীন বাতাসে
একগুচ্ছ প্রতিশ্রুতি ছুঁড়ে মারে
স্বাধীনতার শপথে
বিষন্নতা ভেঙেচুরে জমে ওঠে ভালবাসা ---

                        ####

         ■  স্বাধীনতার স্বপ্ন চোখ  ■

          □   নাসির ওওয়াদেন   □

কে ছিঁড়েছে  ওই মন্দাক্রান্তা শরীর  ?

শরীর তো নয় তাজা টগবগে গোলাপ
গোলাপকে ছেঁড়ে কেউ ?
দূর হতেই
শুধু দেখা আর গন্ধ শোঁকা --

রাস্তা ওৎপেতে থাকে সুস্বাদু মাংসের দিকে
বুভুক্ষু নারী
যে জননী হতে চেয়েছে
যে মা হতে পারত
যে একটা সোনার সংসার চেয়েছিল

কঠিন লৌহচর্ম লোভ ছিঁড়ে ফেলল
শকুনের তীক্ষ্ণ নখের আঁচড়ে•••

ট্রেন লাইনের পাশে, সেপটিক ট্রাঙ্কে
ঘন ঝোপের আড়ালে
ছিন্নভিন্ন আধখাওয়া শরীর ---

স্বাধীনতা কী দিয়েছ তাঁকে ?

কে ছিঁড়েছে মন্দাক্রান্তা শরীর ?
জবাব চাই , জবাব দাও  --
আমাদের ব্যস্ততার স্বাধীনতা -- বিবেকের স্বাধীনতা---

স্বাধীনতার স্বপ্ন চোখ আজও নারীকে হাঁটায়--


স্বাধীনতা- ১০



১. কবিতা: আমি স্বাধীনতা বলছি

                  সুনন্দ মন্ডল


তোমরা কেমন আছো?

আজ এই ৭২ বছর পরে!


বাস্তবের চিড় ধরা ঢালাই গাঁথুনি

শ্যাওলা জমা মনের গলি

কচুরিপানা থিকথিক করে সোঁতা হৃদয়ে...


পৌনঃপুনিক থেকে গেছে চোখে

বৃত্ত ছোট হতে হতে ক্রমশ তালুতে বন্দী

মিথ্যের সূত্রে সিঁড়ি ভাঙা অঙ্কের কৌশল...


বুলবুলির আওড়ানো কথার প্রাচীর

চিলের ছোঁ ছোঁ রব গাছের মাথায়

শকুনের আড্ডাখানা তেমন শৌখিন নয়

তবু এস্ট্রোলজী বলে আগামীর দিনলিপি!


অক্টোপাস টেনে ধরে পিছন থেকে

শুধু ভালো আছি, ভালো থাকার অভিনয়

দিনের আলো মুছে রাত, রাত পেরিয়ে দিন

তোমরা এভাবেই স্বাধীন, মুক্ত খাঁচার ভিতরেই।


তোমরা কি সত্যিই ভালো আছো?

না! নেই ভালো, শুধু ভালোর বীজ পুঁতেছো!

জানি সে চারা ৭২ এর পরেও জন্মাইনি

কারন আমিই 'স্বাধীনতা' বলছি!

             ------------



২. কবিতা: স্বাধীন-ভারতে

                সুনন্দ মন্ডল


জন্ম স্বাধীন ভারতে

মৃত্যু হবে স্বাধীন ভারতে।


মাঝে অনন্ত অন্তরফল পরাধীন

অন্তরে আক্ষেপ অবহেলন আর অপ্রাপ্যতা....


রুটির লড়াই

     রীতির ফাঁড়া

     ‎     সংস্কৃতির উলুখাগড়া

প্রাত্যহিক কলহ

      বিবাদের পিন্ডি

      ‎     স্বার্থের দর কষাকষি

      ‎মনুষ্যত্ব বিক্রি....


সবই পেয়েছি স্বাধীন ভারতে

ডাক্তার, উকিল, শিক্ষক, ইঞ্জিনিয়ার

যন্ত্রচালিত সভ্যতা, যান্ত্রিক সমাজ।


বলি দেখি প্রতিনিয়ত সমাজের বেদীতে

টাকার হাতে নর-পিশাচ, মানবিকতা


কে বলেছে? আমরা স্বাধীন হতে পারিনি!

          -------------




৩. কবিতা: স্বাধীন নাকি স্ব-অধীন!

                    সুনন্দ মন্ডল


প্রত্যেক জাতি

      ধর্ম কিংবা বর্ণের দোলনচাঁপা


লাল লাল বিপদ

    বিভেদের শীর্ণ শলাকা

    ‎প্রকৃতির নিয়মের অনুসারী

    ‎     দোর্দণ্ডপ্রতাপ চামুন্ডার

    ‎আগ্রাসনী খিদের জ্বালায় নিজস্বী


ব্রিটিশ শাসনমুক্ত

     ভারত মাতা!

     ‎শুধু অন্যের দাসত্ব মোচন হয়েছে

     ‎পরাধীনতার তকমা নেই আর

     তাই বলে স্বাধীন হতে পারেনি!

     ‎

পারিনি স্বাধীন হতে,

      এখনো কোথাও না কোথাও বন্ধনের হাওয়া

      ‎পিছন থেকে টান অনুভব করি


সমাজের সিংহাসনে উপবিষ্ট তাবড় তাবড়

      সুবিশাল দেহীর অঙ্গুলিলেহনে ‎সাধারণ মানুষ।

প্রত্যেকেই সুচিন্তিত সুপরিকল্পিত কর্মে নিযুক্ত

আলাদা আলাদা বেঁচে থাকার লড়াই

নিজস্ব শক্তির সাধনায় লিপ্ত।

      ‎তবুও নেই কোনো বাক স্বাধীনতা

      ‎কর্ম স্বাধীনতা

      ‎কৈফিয়ৎ দিতেই হয় পর্দা ঘেরা দরবারে।

      ‎

নিচু তলার মানুষেরা পদদলিত আজও

দীর্ঘ ৭২এর পরেও স্বাধীন নয়

কেবল মাত্র স্ব-অধীন।


বিদেশীর শৃঙ্খল মুক্ত মানেই স্বাধীনতা নয়

স্বাধীনতা মানেই নিজস্ব কল্পনা শক্তির স্ফুরণ।

              -------------------



স্বাধীনতা- ৯



১. কবিতা: একটি সকাল।

শুকদেব পাত্র।


স্বাধীনতার সকাল তেরঙ্গায় মোড়া

দুই এক পশলা বৃষ্টি হয়ে গেল

আমি রাস্তা দিয়ে হেঁটে চলি l

হসপিটালের কাছে রাস্তায় বসে যে ভিখারি ভিক্ষা করে

রোজ,প্রতিদিন

আজও দেখি বসে আছে ,

বৃষ্টিভেজা ছেঁড়া জামা পরে কাঁপতে থাকে l

ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল ড্রেস পরে পতাকা হাতে এগিয়ে চলে....গান বাজে মাইকে

সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি l


একটা সকাল হটাৎ ম্যাজিকের মতো সবাইকে

কেমন স্বাধীন করে তোলে ,তাই না !

অফিস হীন ছুটির দিনে ভালো ভালো জামাকাপড় পড়ে

সবাই কেমন স্বাধীন হয়ে যায়....

বসের বকুনি নেই ,পদলেহন নেই

আছে শুধু দৃঢ়মুষ্ঠি আকাশে তুলে 'জয় হিন্দ' বলা l


বড়ো রাস্তা পেরিয়ে গলি রাস্তায় ঢুকি ,একটা সিগারেট ধরাই

পাশের চায়ের দোকান থেকে নেতাদের ভাষণ ভেসে আসে

গলা থেকে চোঁয়ানো ঢেকুর ওঠে l

ইট ভাটার শ্রমিকেরা পতাকা তোলে ,শহীদ বেদিতে ফুল দিয়ে বলে...ভারত মাতা কি জয় ,বন্দে মাতরম l

পতাকা তোলা হয়ে গেলে একজন আস্তে আস্তে বলে

ও সফিকুল চাচা একটা বিড়ি দেবা ?



               



স্বাধীনতা- ৮



১. কবিতা: ইতিহাস ।।
               
অভিজিৎ_দত্ত ।।

আকাশের জানালাটা খোলা পেয়ে  ---
ভেজা রোদ্দুর বিছিয়ে দিল একাকীত্বের চাদর,
বহিরঙ্গে ঘুণেধরা  ইঁটের পাঁজরে,
শ্যাওলা জমা চারপাশের দেওয়ালে।

মুছে যাচ্ছে বাঙ্গালীর বৈপ্লবিক ইতিহাস,
কালের কপোত তলে।

জ্যোতির কিরণে পরম মমতায় হাত বুলিয়ে দিতে গিয়ে
ভুলে যাচ্ছি কে বা কারা ছিলেন বিনয় বাদল দীনেশ -----

প্রোথিত বা দোদুল্যমান তাঁরা রাস্তার ফলকে বা মেট্রোর স্টেশন প্রাঙ্গণে ।

সূর্যের সপ্তাশ্ববাহন ---- মখমল চোখে,
খুঁজতে বেরিয়েছিল গৌড়ের দিনপঞ্জি
বিগত শতিকার  
ভ্রাম্যমান গোধূলি আলোকে।

কিন্তু নাহ ! বাজারের 'ভাও' কষা আঙুলে,
হাতবদল হতে হতে আমাদের দিনলিপি
এখন হারিয়ে গিয়েছে-----

রাজনীতির আঁচলের আড়ালে ।
   
                *******


২. কবিতা: বারোভূতের_সংসারে।।
           
অভিজিৎ_দত্ত ।।

(দাড়িবুড়ো ক্ষমা করে দিও)

ভগবান তুমি যুগে যুগে ভূত
পাঠিয়েছ মোর ঘরে,
তাঁরাই আসিয়া করিছে বসত
আমাদের সংসারে।

কোন ভূত তবে কাটিছে পকেট,
কেহ বা উঠিল ঘাড়ে,
বড়ো ভূতিনির শাপশাপান্ত
শুনি দিনমান ধরে।
এক ভূত কহে দোসরেরা তার
চিকেন কাবাব খায়
বন্ধুরে তার মাটন খাওয়াতে
পশ্চাৎ ফেটে যায় ।

আরেক ভূতিনি ম্যাটিনি দেখিতে
পাঁচটি পাত্তি চায়,
মলে গিয়ে নাকি ছবি না দেখালে
প্রেস্টিজ চলে যায় ।
যদি বলি সেই মাটন ম্যাটিনি
এবার মুলতুবি থাক
ভূতের ছানারা বক্ষ বিদারিয়া
কাঁদে ছেড়ে এক ডাক।

বড়ো যে ভূতিনী তাহারও শুনেছি
জমিদার বাড়ি গোত্র
সাঁঝ বেলাতেই মেয়ে  কিডন্যাপ
আমিই ছিলাম অপাত্র।
সেই ট্র্যাডিশনে খেসারত দিতে
হাঁটিয়া অফিস করি
গেঞ্জিটা মোর ছিঁড়ে গেল তাও
সেলাই করিয়া পড়ি।

পাড়ার ভূতেরা সহাস্য বদনে
আমারে ডাকিয়া কয়,
দূর্গা পূজার ভূতের যজ্ঞে
চাঁদা কিছু দিতে হয়।
শুনিয়া চাঁদার পরিমাণ তবে
ভূতেরও হৃদ্কম্প হয়
ভূতের খোলস ছাড়িয়া সে তবে
মানুষের রূপ চায়।

ভূতেদের এই মহান কর্মে
ভূতবাড়ি গমগম
কিন্তু সেথায় সমন ধরায়
সরকারী এক যম।
কহে সে হাঁকিয়া আছে কি তোমার
বসতবাড়ির পাট্টা,
নেই যদি তবে অনুপ্রবেশকারীর
খাইতে হইবে গাট্টা।

সেই ইস্তক ভূত হয়ে আছি
নিজেদের সংসারে
মানুষ মরিলে ভূত হয় জানি
ভূত ম'লে সে কি করে?

   

  ৩. কবিতা: মেরা_ভারত_মহান।।

অভিজিৎ দত্ত।

পাশবালিশটা বুকে জড়িয়ে
দুপুরের ভাতঘুম শেষ করে
মরা বিকেলের ছায়া ছায়া রোদ্দুরে
বাবুমশাই যাবেন স্বাধীনতা দিবস উপলক্ষে
আয়োজিত এক সভায় ।

এখনো সভা বসেনি রোদের তাপ যে কমেনি
তাই তো ঘামে ভেজা  শরীরের সাথে
লেপ্টে থাকা শিশুকন্যাটিকে বুকে জড়িয়ে
রোদের তাপ থেকে রক্ষা  পেতে
সামিয়ানার নীচে আশ্রয় নিয়েছে
এক স্বাধীন ভারতের নারী।

আজ সকালে  ভাত জোটেনি
কোথাও যে আজ ভোজ হয়নি
হয়নি তাই কাঙ্গালী বিদায়  ।
ওই যে মোটরবাইকে ধুলো উড়িয়ে
সামনে তেরঙ্গা ঝাণ্ডা লপটিয়ে
আরেকজন স্বাধীনতার ফসল এলেন
জন-সমায়েতের স্থান নিজের চোখে দেখে যেতে।

ক্ষুধার্ত মেয়েটি ডাস্টবিনে পড়ে থাকা
উচ্ছিন্ন রুটির টুকরোটা
বড়ো তৃপ্তি করে খাচ্ছে
কোলের বাচ্চাটা তার দুধ না পেয়ে কাঁদছে
আর বাবুটি ভাতঘুম  শেষ করে
সভায় বক্তৃতা দিতে হেলে দুলে  আসছে
আজ যে স্বাধীনতা দিবস
মেরা ভারত মহান।

         

স্বাধীনতা- ৭



১. কবিতা: তুমি কথা দিয়েছিলে

নাম: নৃপেন্দ্রনাথ মহন্ত


তুমি কথা দিয়েছিলে আসবে বলে
দরজায় দাঁড়িয়ে
তোমার মোহিনী রূপ দেখিয়ে বলেছিলে,
অপেক্ষা কর,আমি আসছি।
কেউ কথা রাখে না,তুমিও রাখো নি।
শুধু দেয়ালে একটা বার্তা লিখে গেছো।

বুঝতে পারি দিন পাল্টাচ্ছে।
পাল্টাচ্ছে হালচাল।
মাঝে মাঝে মেঘের গর্জন শুনি
শুনি সমুূদ্রের ডাক
ঝড় এসে দোল খায়
মাঠে ঘাটে সবুজ বৃক্ষলতায়।
ভাবি এই বুঝি এলে
চোখ মেলে দেখি--
সেই থোড়-বড়ি-খাড়া,খাড়া-বড়ি-থোড়।

তাই আমি আছি
সেইসব ডানপিটেদের অপেক্ষায়
যারা তোমাকে ঘাড়ে ধরে নিয়ে আসবে
জনগণের দরজায়।

জানি তো

তুমি শক্তের ভক্ত,স্বাধীনতা।




২. কবিতা: স্বাধীনতা বাহাত্তর পেরোলো

নৃপেন্দ্রনাথ মহন্ত


একুশ শতকের দেড়যুগ চলে গেছে প্রায়
বাকি আর বড় জোর শদেড়েক দিন।
প্রথম দশকে আমাদের প্রার্থনা ছিল--
বাতাস থাক স্বাধীন।স্বপ্ন রঙীন।
আকাশে ওড়ানো ইচ্ছেমতো ঘুড়ি।
কলে কারখানায় ভোঁ বাজবে
শিশুরা আমআঁটির নিত্যনতুন ভেঁপু বাজাবে
বর্ষা মাটিকে ভেজাবে
ভেজামাটির সোঁদাগন্ধ মিশে যাবে
তুলাই-গোবিন্দভোগধানের সুগন্ধের সাথে
থালায় ভাতের গন্ধ বাতাসে সুবাস ছড়াবে।
সোনালি রোদ এসে শীতার্ত দিনগুলিকে
হেসে সোহাগে জড়াবে।
আমাদের শাড়ির রং, পাজামার রং
মিশে যাবে আকাশের রঙে,
নতুন দিনের আলো ধুলো ঝেড়ে
ঊর্ধ্বগামী হবে।

মানুষের উচ্চাশা,উচ্ছ্বাস ছিল--ভয় ছিল না।
ভয় ছিল না বলে  সাবধানও ছিল না।
ফলত মানুষেরই দুর্বার লোভ
শব্দহীন বেড়ালের মতো
লক্ষ কোটির ঘাড় মটকালো।
সজ্জন ইঁদুরেরা ভাবতেই পারে নি
আগামী দিনে কী খেলা খেলবে তপস্বী বেড়াল।

স্বাধীনতার বয়স কি বাহাত্তর পেরোলো?



শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

স্বাধীনতা- ৬



তোমাকে প্রনাম
(কার্গিলের জোয়ান শহীদদের প্রতি সশ্রদ্ধ প্রনাম)।

প্রশান্ত কুমার ঘোষ

তুমি বহুমুখী প্রতিভার আশীর্বাদ ধন্য।যেখানেই দৃষ্টিনিক্ষেপ করছে সেখানেই এঁকেছ সাফল্যের রণতরী।বিচক্ষণ রাজনীতিবিদ, নিঃস্বার্থ সমাজসেবী, শক্তিশালী বক্তা, সুপ্রসিদ্ধ কবি ও সাহিত্যিক, সাংবাদিক এবং বহুমাত্রিক ব্যক্তিত্বের সম্ভার ছিলে তুমি।তুমিই জনগণের আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক।তোমার কাজের মধ্যে ছিল জাতীয়তাবাদের প্রতি পরিপূর্ণ নিষ্ঠা।তুমি ভারত মাতার সুসন্তান।দেশের স্বার্থে নিজেকে নিয়োজিত করছিলে অহরহ।
জননেতা তুমি চলে গেলে!তোমার মানস গর্ভ থেকে যে শিশুটির জন্ম হয়েছিল,তাকে নিজহাতে তিলোত্তমার মত গড়লে,লালনপালন করলে,মহাবৃক্ষে পরিণত করলে জীবনে প্রতিটি ক্ষণ খরচা করে,ভ্রষ্টাচার মুক্ত দেশের শপথ নিলে,এগিয়ে দিলে প্রগতি-সমৃদ্ধি-শান্তির সুনামি।সন্ত্রাস মুক্ত করার জন্য বললে,"এক ইঞ্চি জমিও ছাড়ব না"।কায়-মন-বাক্যে নেতৃত্ব দিলে কার্গিল যুদ্ধের।জয়লাভ করলে,জিতিয়ে দিলে তোমার স্বপ্নের মাতৃভূমিকে।আর আজ তুমিই হেরে গেলে মৃত্যুর কাছে।
     আসলে সময় মহাপরাক্রমশালী
তার কাছে পরাজয় নিশ্চিত,কিন্তু সময়ের স্রোতে ডুবুরি হয়ে যা রেখে গেলে তা ভারতের আকাশে দীপ্তমান সূর্য হয়েই থেকে যাবে,তুমি মরেও বেঁচে রইলে আমাদের হৃদয়ে,দেশ মাতৃকার শিরা-উপশিরায়-রক্তে-মাংসে।

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

স্বাধীনতা- ৫



। স্বাধীনতা।

স্বাধীনতা। বাতাসের মতো অদৃশ্য, অক্সিজেনের মতো দরকারি।
স্বাধীনতা। নিজের বাড়িতে নিজের রোজগারে ভরপেট ভাত রুটি তরকারি।
স্বাধীনতা। বন্দেমাতরম না বলে জয় হিন্দ বললে যার তফাত হয়না।
স্বাধীনতা। শুধু গেরুয়া নয়, সাদা আর সবুজও যে পতাকার গয়না।
স্বাধীনতা। এল ও সি'র ওপারের গুলিতে ঝাঁঝরা হওয়া সৈনিকের শেষ নিঃশ্বাস।
স্বাধীনতা। পালটাবে একদিন , সোনার স্বপ্ন দেখা কিছু মনে আজও বেঁচে থাকা বিশ্বাস।
স্বাধীনতা। জন গণ মন শুনে বাড়িতে সোফার থেকে সটান দাঁড়ানো।
স্বাধীনতা। কোহলি ,বিজেন্দর, মেরি কম ,দীপাতে আবেগের উচ্ছাসে তেরঙ্গা ওড়ানো।

নাগরিক কি খাবে শাসকের বেঁধে দেওয়া মাংস আইনে। স্বাধীনতা নয়।
বাড়িতে আনাজ নেই, পাঁচশো হাজার নিয়ে আবালবৃদ্ধ সব দাঁড়ানো লাইনে। স্বাধীনতা নয়।
প্রশাসনী বেনজরে কোথাও পুজোতে বাধা , কোথাও নামাজে।
স্বাধীনতা নয়।
সত্তর সাল গেল, তবু জাতপাত লেগে সমাজের ভাঁজে।
স্বাধীনতা নয়।
ফেসবুকে ওগড়ানো আনাপসানাপ যত বিদ্বেষবমি। স্বাধীনতা নয়।
ফিসফিস গুজবের বিষ কানে ঢেলে দিয়ে যত্নে তৈরী করা দাঙ্গার জমি। স্বাধীনতা নয়।
ঋণদুখী কৃষকের জীবন ফুরিয়ে যাওয়া আজও ফলিডলে।
স্বাধীনতা নয়।
ধর্ষিতা রমণীর চরিতমানস ঘাঁটা জেরা করা ছলে। স্বাধীনতা নয়।

স্বাধীনতা। কিছুটা এসেছো পথ , আরো যে হাঁটতে হবে, জানো নিশ্চয়।
সকালে পতাকা তুলে বিকেলে মাতাল হওয়া দস্তুর হতে পারে। স্বাধীনতা নয়।

আর্যতীর্থ

স্বাধীনতা- ৪



দেখো আমি বাড়ছি

   ---- দেবদূত

অ্যাকোয়ারিয়ামের পেটের ভিতর বাড়ছে ফুটবল
রাজনীতি-ধর্ম-সংখ্যায়
কেউ বলছে না এবার ক্ষেমা দাও সত্তর বছরের ভুল!

দুই মল্ল লড়ে ময়দানে
বাইরে তামাশা দেখে তার শতগুণ
কেউ বলেনি সেদিন, এবার নিয়ে যাও
শরীর শিরা রক্ত থেকে
দুই পাপিষ্ঠের জিন৷
সদ্যোজাতর নাক থেকে দূরে রাখো
বিষাক্ত হাওয়া ভাগ মন্থনের...

ফুটপাতের ভিড়ে
গুঁতো মেরে এগিয়ে চলুক ভারতবর্ষ
প্রতিটি গর্ত যেখানে কাঁকড়াময়
হে সমুদ্রগর্ভা ক্ষান্ত হও!
পশুর প্রসবে যে
                 মানুষের কাজ বাড়ে,
কে ফিরে যেতে চায় জঙ্গলে

ঝালে ঝোলে অম্বলে
কিছুতেই না থাকা সুখি পেপারওয়েট
আজ আপনিও ফেলে এসেছেন চশমা
না হলে ভারতবর্ষকে পাশাপাশি রেখে
একটুকরো বরফে মেপে দেখতেন
 সংখ্যায় কিছু রাখা নেই
আইসল্যান্ড সে কথাই বলেছে বার বার গুণের গুণিতকে

সেই সব দিনের মতো আজও
দর্শকের ভূমিকায় আমরা অবিচল থাকি নিরাপদে শুধু এই ভেবে

 আমাদেরও একদিন ভালো হবে!

স্বাধীনতা- ৩



মেয়েটি বুড়িয়ে যাচ্ছে।
(দুর্দান্ত রচনায় সমৃদ্ধ হল।)

শুভঙ্কর দাস


মেয়েটির কোনো কান্ডজ্ঞান নেই!এত ক্ষতবিক্ষত, শেকলের দাগ ভরা মুখ নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়,ধানখেত থেকে কাকরঙা হাইওয়ে, ঝুপড়ি থেকে রাজভবনের গেটে,মরুভূমির বালি থেকে কাঞ্চনজঙ্ঘার বরফে,ভাঁটিশালা থেকে কলেজস্ট্রীটের চারমাথায়।

মেয়েটি নিজের কাপড়ের বাইরে যেতে পারল না!নিজের জন্মদিনের উল্লাস সেরে নিজেকেই পাট করে রাখে কোনো ঝুলপড়া খুপরিতে,কাপড়ে কত রক্তের রেখা,ফাঁসির শূন্যতা,অস্ত্রের অন্ধকার,ধ্বংসের ধারাবাহিকতা ফেঁসু হয়ে ঝুলছে।

মধ্যরাতে জন্ম বলে,মেয়ে হয়ে জন্মেছে বলে,পিতার হাতে মার খেয়ে সেই যে হাত ভেঙেছিল,আর জোড়া লাগেনি!

জোড়া লাগার আাশায়

বাহাত্তর বছরের বুড়ি হয়ে গেছে মেয়েটি,কানে কম শোনে,চোখে কম দেখে,কথাও জড়িয়ে যায়,মুখে গেঁজলা তুলে খোঁজ করে, ওগো সুভাষ আমার কি বাড়ি ফিরেছে!আর যতীন-ভগৎ-রাসবিহারী-ক্ষুদিরাম এরা সব কোথায়?

বুড়িয়ে যাওয়া মেয়েটি পথ হাঁটে,আর তাকে ঘিরে থাকে হাজার চাকার দাগ, শ্মশানের খইয়ের মতো ছোলামুড়িবোঁদে,সহস্র বোতল, নানা রকমের মাইক,আর সেই চিলমারা চিৎকার,ভারতমাতা কী!


স্বাধীনতা- ২



১. স্বাধীনতা মানে
প্রশান্ত কুমার ঘোষ

স্বাধীনতা মানে মুক্ত বিহঙ্গ,নয় শৃঙ্খলার কাতর যন্ত্রনা
স্বাধীনতা মানে মতামত প্রকাশ নয় অপরের কথায় সায়
স্বাধীনতা মানে সকলেই সমান নয় দেশের স্পেশাল কেউ
স্বাধীনতা মানে দুমুঠো অন্ন নয় অনাহারে জীবনযাপন
স্বাধীনতা মানে একটা বাড়ি নয় ফুটপাতে দিন যাপন
স্বাধীনতা মানে আত্মনির্ভর নয় অপরের আনুগত্য
স্বাধীনতা মানে শ্রমের অধিকার নয় অপরের দাসত্ব
স্বাধীনতা মানে আত্মকথন নয় মিথ্যা স্লোগানে কন্ঠ মেলানো
স্বাধীনতা মানে নিজের অধীন নয় অপরের কাছে গোলামি
স্বাধীনতা মানে নিজের জীবনচর্চা নয় অপরের প্রতিবন্ধকতা
স্বাধীনতা মানে বুভুক্ষের অবসান নয় করুনানিধির পাত্র
স্বাধীনতা মানে অবাধ যাতায়াত নয় লুঠ-খুন-ধর্ষণের থাবা
স্বাধীনতা মানে নারী সমান নয় ভোগ্যপণ্যের বস্তু
স্বাধীনতা মানে আমিই চালক নয় কারো দ্বারা পরিচালিত।




২. আমি ভারতবর্ষ বলছি
প্রশান্ত কুমার ঘোষ

মনে পড়ে কৃষ্ণ পক্ষের দুশো বছরের ইতিহাস ?
প্রাণের বিনিময়ে আমাকে ছিনিয়ে আনার আকুলতা
কত ফুল বিকশিত হতে পারে নি
কতক ঝরে ছিল কুঁড়িতেই
আজও আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি।

হায়েনাদের কাছে আমি এক ফালি চাঁদ
আমার গহনে ছিল রত্ন খনি
আমার শরীরে ছিল উর্বরতা
ওদের লোলুপ দৃষ্টিতে আমি ছিন্নভিন্ন;
আমার কোষের ধ্বংস করে
রক্ত বিছিয়ে পথ পিছল করে
আমার সর্বস্ব
ওদের আঁতুড়ঘরে টেনে নিয়ে গেছে।

এখনও আমার বুকে
স্বার্থের দামামা বাজে
জোঁকেরা রক্ত চোষে ,
পাচার চক্রের রমরমায় আমার ডায়বেটিস
ধর্ষণের আদিখ্যেতায়  আমার রক্তাল্পতা।

আজও চলছে আমার ক্যানভাসে স্বার্থের দাঙ্গা
কথায় কথায় আমার সম্পত্তির ভাঙচুর ,
সহনের সূর্য আজ অস্তমিত
গঙ্গাতে এখনও বয়ে চলে
রক্তের স্রোত ।

তবুও এগিয়ে চলেছি
তোমাদের হৃদয়কে সঙ্গী করে
প্রযুক্তির বাতাবরণে আমি এগিয়ে চলেছি
আমি খুঁজে চলেছি গুপ্ত যুগের স্বর্ণযুগ।


স্বাধীনতা- ১



১. *স্বাধীনতা*

আরিয়ান প্রিয়স(পাল)।

পেটের খিদে পেটেই মরে গামছা বেঁধে কাটে,
রুগ্ন পাঁজর ফুঁপরে ওঠে টিকটিকি হাত চাটে ।
এসব দিকে তোমার খেয়াল কেন নেই –
শুধু বৃষ্টি খোঁজো নিজের অধিকারেই।

নদীর তীর নাম ছিল তার সোনার তরীর দেশ,
জল শুষে নিয়ে ফসল কাটে সরীসৃপের বেশ।

নিজের বুকে জড়িয়ে ধরে স্বীকার করো ত্রুটি।
চাল নড়ছে বাঁশটা ধরো শক্ত করো খুঁটি ।

যুদ্ধশিবির এদিক ওদিক রক্ত লাগে জামায়,
ঘোড়ার ক্ষুরে বড্ড আওয়াজ, স্বাধীন বাংলায়।
আড়াই চালেই বর্ষা নামে শ্রাবন মেঘের ক্ষেতে,
পাঁক জমেছে জলের ঘটে, ভাত কই তার পাতে!
দূরে যে দাঁড়িয়ে, কিছু প্রেম সেও জানে।
একদিন স্বাধীন হবো,সমর্পণ স্বাধীন ভারত নামে।




২. *স্বার্থকতাই স্বাধীনতা*

আরিয়ান প্রিয়স(পাল)।


দেখবেন কত কষ্টে থাকি
আসুন না আজ আমার বাড়ি
দেওয়াল গুলো সবে গাঁথা,
ভাঙলে তবু হৃদয় ভারি. . .

রাস্তাগুলো ধুঁকছে দেখো
বর্ষা হতেই কাজের রেষ!
উন্নতি আজ মাঠেই বসে
হচ্ছে এবার মাল্টিপ্লেক্স।।

কি প্রয়োজন এসব দেখার
ওপরে তো গদির লড়াই,
দু-একশ জন সড়েও গেলে,
ভোট হবে তো গুনতি ছাড়াই।।

এত কিছু শোনার পড়েও
আমরা বলি মহান দেশ
মুখের হাসি ফুঁটিয়ে খেয়ে
সবাই তো আজ স্বাধীন বেশ! !


রবিবার, ১২ আগস্ট, ২০১৮

সম্পাদকীয়: স্বাধীনতা সংখ্যা।



সম্পাদকীয়:

সংকীর্ণতার চারদেওয়ালে বন্দী ঘুপচি জীবন বিষধর সর্পের অর্থনৈতিক যাঁতাকলের নিষ্পেষণে রুদ্ধশ্বাস। চাহিদার খানা খন্দ বুজিয়ে চলছে তো চললেই হল এই একঘেঁয়েমি সামঞ্জস্যের চীৎকারে আমরা ধর্ষিত। স্বীকৃতি আর ক্ষমতার লোভে মাকড়সার ইন্দ্রজালে দমবন্ধ হয়ে আমাদের যবনিকা পতন। খোলা নর্দমায় গা ডুবিয়ে ছ্যাঁচড়া এঁদোগলির কুকুরের সাময়িক প্রশান্তি শীতলতার প্রশ্বাস। বন্দেমাতরম বলে হাত পা ছুঁড়ে একদিনের লৌকিকতার পূজা উপাচারে দেশ মাতৃকার বিজয়ধ্বজা ভারতের পতাকা তুলে ক্ষান্ত। উন্মোচনের পরেও কেমন যেন মিথ্যা স্লোগান আর মিছিলে দেওয়া ভাষণের মিথ্যা তবকের মিষ্টিতে কেমন যেন গা গুলিয়ে পতাকার মাথা হেঁট হয় ভূমির দিকে লজ্জায়।সমীকরণে আত্মমগ্ন দুঃশ্চিন্তার বলিরেখায় প্রৌঢ়ের কপালে ভাঁজ কোথায় স্বাধীনতা। সত্যি কি আছো মা, মাটি ফুঁড়ে উঠে এসে বলো খোলা গলায় চীৎকার করে ফিরিয়ে দাও আমার আত্মসম্মান আমার পুরানো গৌরব স্বর্ণালী স্বাধীনতা। শূণ্য অঙ্কে জীবন গতি ক্যালকুলাসের জটিল উপপাদ্য আজকের দিনে স্বচ্ছন্দ্য।
           আটপৌরে ঘর পোড়া অবলা কুমারী আইবুড়ো না তোমাদের সমাজের চোখে দৃষ্টিশূল জগদ্দল পাথরের বোঝা বহন দুঃসাধ্য শুধু চাই তার একরত্তি পণ সাথে সিঁদুরের মুক্তি গতি গতি না হলে তা গর্হিত অপরাধ।

ভাত পচা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো বেকারের বেকারের হদ্দ অপদার্থ গঞ্জনা কিংবা গরু ভেড়ার পালে লাইন দিয়ে দাঁড়ানো ফর্ম ফিলাপে মাথা ঠোকা দাও দাও ভিখারী হাতে ঘুষের ফুটো থালা।রদ্দী সার্টিফিকেটের নিম্নচাপ   কাজল মেঘ কোলে আঁখিতে অবসাদের অকাল বর্ষণ স্বেচ্ছায় নির্বাসন চাইনা আর এই অব্যবহৃত জীবন চাই শুধু মুক্তি গতি গতি।

ফ্রী মাল রাস্তাঘাটে সহজলভ্য প্রস্ফুটিত কুসুমে ভ্রমরের আতিথেয়তা নিষ্প্রয়োজন বৃশ্চিক দংশণ ধর্ষিতা,,,, চাই মুক্তি গতি গতি।

স্বাধীনতার এই পূণ্যলগ্নে তোমাদের মনে কোথাও যদি একটু স্বাধীনতার শিখা জিইয়ে রেখেছো তাহালে তার সলতে আরেকটু উসকিয়ে দাও আর এ জীবন পূর্ণ করো।

দুটি অথবা তিনটি স্বাধীনতা বিষয়ক কবিতা পাঠিয়ে দিন আমার মেলে supritibarman769@yahoo.in.
Last date of submission 18th August.

Editor.
Supriti Barman.