রবিবার, ৩ জুন, ২০১৮

সুবীর রায়ের কবিতা।




সাদামাটা অনিন্দ্যভুবন প্রেমের আঙ্গিকে কলম।



১. সব গাছ নারী নয়


থিক থিকে কুসুমের মতো পরে আছে

আলিঙ্গন উন্মাদনা প্রেম সবকিছু শেষ

এইমাত্র শিথিল হয়েছে শাখা প্রশাখা

          ভোর হতে বহু দেরি

   তাই মুখ লুকিয়ে রেখেছে অসম প্রেম।

         উঠোন জোড়া গাছেদের ভিড়,

                 পাশাপাশি ঘেঁষাঘেঁষি

শিকড়ের ঘর্ষণ লুকিয়ে ছিলো মাটির তলায়

কেউ দেখেননি দেখবে না কখনও

               বহুকষ্টে বহু লজ্জায়

ওরা রেখেছিলো ঢেকে কুসুমের রাগ।


হঠাত জ্বলে ওঠে বাতি,মুছে যায় অন্ধকার

আর কেউ যেন বলে ওঠে

এমনও হয় - সব গাছ নারী নয়।



২. ক্ষয়


এই নদী বয়ে যায়

     আমি মৃত্যুর ঠিকানা খুঁজিনি কখনও

          আমি হেসে উঠি,আমি গান গাই

আমি খেলা করি আমার পিচ্ছিল আঙিনায়

       ঠিক যেন শিশু  হামাগুড়ি দেয়

সহসা খুঁজে পায়, যারা শুধু স্নানে নামে

                     তারাই বলে নদী

আমি বলি কাব্য,ব্যাথা পাওয়া পাষাণ হৃদয়

      যাকে দেখো সে অশ্রু নিগড় জল।

           ওরা ভালোবাসে,ওরা ছিঁড়ে খায়

ভালোবাসা দিলে পরে,ভালোবাসা পেতে চায়।

আমিও তো দিয়েছি আমার সব-

                 পেয়েছি কি কিছু!

যা ছিলো শব্দ আমার মস্তিষ্কের শিরায় শিরায়।

      তাও তো সব পুরুষ প্রেমিক হতে পারেনা

ওরা তা বোঝেনা বুঝবে না কোনোদিনও।

        এর থেকে শরীর ব্যবসাও ছিলো ভালো

এই নদী বয়ে যাবে... থামবে না

                  গতি মন্থর করে নেবে আরও

কেউ না শুনলেও ক্ষতি নেই তবু বলে যাবে বারবার

                 কিছু দিয়ে পেতে গেলে

মাঝে আধেক কিছু রয়ে যায়,যাকে বলে ক্ষয়।



দীপের কবিতা।



সহজিয়া প্রেমের আঙ্গিকে নব্য আলোড়িত কলম।
সাথে দুর্দান্ত মর্মান্তিক বাস্তব প্রেক্ষাপট।


১. সোহাগ অনুভূতি


 তোমার আঙুল ছুঁয়েছি

মুছে দিয়েছি তোমার কপালের মুক্তোর বিন্দুর মতো ঘাম ।

তখন তুমি চোখ বন্ধ করে

আমার স্পর্শ অনুভব করছো তোমার শরীরে ।

সারাদিনের ক্লান্তির ঘাম মুক্তোর বিন্দু হয়ে নামছে শিরদাঁড়া বেয়ে।

আমি দেখছি তোমায় অপলক নয়নে

এক প্রশান্তি আমার দুচোখ জুড়ে ।

সারাদিন অপেক্ষার পর তোমার স্পর্শ পেয়েছি।

তোমায় অনুভব করেছি আমার রোমকূপে , শিরা ও ধমনীতে।

তুমি এসেছো আমার বাহুডোরে

ধরা দিয়েছো অবলীলায় ।

ভরিয়ে দিয়েছো আমায় তোমার কোমল অধরের ছোঁয়ায় ।

তোমার শরীরের মাদকতায়

আমি উন্মাদ হয়েছি

তোমায় শরীরের পেলবতায় আমি এঁকেছি সোহাগ চুম্বন

তোমার কপালে ,চোখে,গালে

তোমার কোমল স্তনে,

আরও গভীরভাবে দাগ রেখেছি তোমার পেটে ,নাভি থেকে যোনি সর্বাগ্রে ।

ডুব দিয়েছি তোমার অতলে

গহন গভীরে ,

নিবিড় হয়েছে দুটি শরীর।

মিশে গেছে দুটো হৃদয় নগ্ন হৃদয়ে ।

উষ্ণ শ্বাস অনুভব করেছি দুজন

উষ্ণতা উপলব্ধি করে

ভালোবাসায় আর সোহাগে তুমি আমি ভেসেছি কামনার স্রোতে

চরম সুখের শীৎকারে

আরো কাছে এসেছি দুজন নিভৃতে ।

হাতে হাত রেখে স্বর্গ গড়েছি আজ রাতে ।




02.বেওয়ারিশ লাশ।


ঘনকালো মেঘ, বৃষ্টিরা ধুয়ে দিচ্ছে ধূলো ময়লা,

মাঝে মাঝে ঝোড়ো হাওয়া জানান দিচ্ছে উপস্থিতি।

ফুটপাত ঘেঁসে শুয়ে থাকা শিশু গুটিশুটি মেরে উঠে বসেছে, চেয়ে দেখছে প্রকৃতির তান্ডব।

কেঁপে উঠছে তার অর্ধনগ্ন শরীর,বৃষ্টির ঝাপটা ভিজিয়ে দিচ্ছে তার হাত,পা,মাথা

আশঙ্কা আর উদ্বেগে কাঁচুমাচু তার চোখ মুখ

আর আমরা জানলায় রাখি চোখ

প্রকৃতির এই রূপ বেশ মনোরম লাগে

কাব‍্য লিখি, গান গাই গুনগুন সুরে..

ফুটপাতে বসা শিশুর দল ভিজছে ওই দূরে

অসহায় মুখগুলো বৃষ্টি থামার অপেক্ষায় প্রহর গোনে,

মনোরম পরিবেশের ফায়দা তুলে এ্যালকোহলে ডুব দিই, মত্ত হই নিকোটিনের সুখটানে।

ধোঁয়া ধোঁয়া কালো ধোঁয়ায় নেশাতুর চোখ

রাত বাড়ে , উত্তেজনার পারদ চড়ে শরীর জুড়ে

হাতে গাড়ির স্টিয়ারিং ফুটপাত মাড়িয়ে যায় আইটেন , মার্সিডিজ

চাপা পড়ে অদামী শরীর ,

নয়তো শিশু, কিশোরীর ,যুবতীর শরীর ছিঁড়ে খায় মত্ত নরপিশাচের দল ।

পরের দিন বেওয়ারিশ লাশ হয়ে পরিচয় হারায় শব।

সরগোল পড়ে , থিক থিক জমা হয় ভিড় , স্মার্টফোনে ছবি ওঠে

চ‍্যানেলে চ‍্যানেলে কয়েকঘন্টা কাটে , বছরের পর বছর আদালত হাঁটে

অবশেষে চাঁপা পড়ে কলোরব , বোবা কান্নারা পথ হারায়

তুমি আমি , তোমরা আমরা রায় পড়ি খবরের পাতায় , চোখ রাখি বোকা বাক্সে

ফুলের মালায় সেজে গুজে আসামীর বেকুসুর খালাস

সবকিছু মিছে হয় , পরিচয় রয়ে যায় শুধু বেওয়ারিশ লাশ।





সুব্রত চক্রবর্তীর কবিতা।




গ্রাম্য সোঁদা মাটির গন্ধে ঐকান্তিক প্রেমের আঙ্গিকে কলম।



১. কবিতা: বুক জুড়ে স্বপ্ন রাখি।


আমার বর্ণতুলিতে সরস্বতী এসে বসে /

উঠোনে জিরোয়  সুখ দুঃখ পাশাপাশি /

খেলাঘর ভেঙে গেলে আমিও পাললিক শিলা /

তখন মরা রোদ  ছায়া ফেলে  ঊষর প্রান্তরে /

তবুও সৃজনের স্বপ্ন দেখি /

প্রেমের লিপিতে আঁকিবুকি কাটি- /

শিমুল পলাশ মধুমাস /

ভালোবাসার মুখ এলোমেলো হাওয়া হয়ে হৃদয় ছুঁয়ে যায় /

কেউ রাত জেগে বসে থাকে জোনাকির  আলো হয়ে /
আবার কেউ  নির্ঘাত বুকে ফুঁড়ে  দেবে কাঁটা /

মন চলে বৃন্দাবন  কিম্বা নদীর চরে। /

ছাই  অথবা আরো একবার ফিনিক্স পাখি হতে চাই।



২. কবিতা: আমার উঠোন তোমার আল্পনা।


দেখো আকাশে আজ পরিযায়ী মেঘ /

নক্ষত্রেরা দল বেঁধে আজ নভশ্চর /

তুমিও পারতে হতে চন্দ্রপ্রভা কিম্বা জ্যোৎস্নায়  নিকানো উঠোন /

আমার ভারী চোখে ভিজে যায় রাতের হিমেল আকাশ /
অগ্নুৎপাত শেষে বুক জুড়ে গ্রানাইট শিলা /

পাথরের নিচে নদী অন্তঃসলিলা বয় /

আমি প্রমিত নদীর নাম রাখি অশ্রুলেখা /

তোমারো তো এলোচুল  আলুথালু রাত /

তবুও তোমার শাড়ির পাড়ে বসেনি এসে চুপিসাড়ে কোনো চোরকাটা /

এসো তবে কবিতার অভিসারে কাটাবো চন্দ্রমাস /
যারা কবিতায় ঘর বসায় /

ছোঁবে তোমার চন্দ্রহার অথবা আমার জয় পরাজয়।



বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

রণজিৎ পান্ডের কবিতা।



সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে কলম রণজিৎ পান্ডের।


১. ভাগাড়তলির বাসিন্দা।


বেশির ভাগ মানুষ চাইলেই যদি মঙ্গল এসে হাজির  হয়

 তবে যোগ- বিয়োগের কোন  প্রয়োজন থাকে না

বেনো জলের নোংরা গুলোও   দম্ভভরে উড়ছে
কেননা

       কিডন্যাপারের চাওয়া বড়  অঙ্ক

       সেঁটে আছে চোখে মুখে

নিষেধ মানলে যেমন সিগারেট বেঁচে থাকে

  যমদূতদের  ছুটির কারণে আমরাও
অথবা

 ভাগাড়ের পচা মাংস যেভাবে উপাদেয় হচ্ছে

  সেই পথ বেয়েই  ঝুলে পড়ছে

   কাঙ্ক্ষিত সভ্যতা ও  সংস্কৃতি

                  এবং স্বেচ্ছাচারির   নামের তালিকা


২. সুজনেষু।

আবারও একটি কালো সিংহি  নিদান দিয়ে গেল যে

                  নিরামিষ খেলে সুস্থ থাকা যায়

ঠিক যেভাবে আলো ফেললে

                      নির্দিষ্ট স্থানটি দেখাতে অক্ষম হই

সেভাবেই আমরা মান্যবর গর্দভ হয়ে তাতেই  নাচতে থাকি

    যতদিন স্বাধীনতার ইমেজ ছিল

বিবেকের মাথায় যে কেউ কিল মারতে পারেনি

                       এমনটি  ঠিক   নয়

তবুও

    পায়ে কাঁটা ফুটলে যদি গর্ভবতী হবার সম্ভাবনা থাকে

তবে ঔদ্ধত্য গণতন্ত্র-রোগের এবং স্বৈরাচারের

             নামকরণও  আবশ্যক   হয়ে পড়ে

 


বুধবার, ৩০ মে, ২০১৮

রাজিত বন্দোপাধ্যায়ের কবিতা।




নজরুলের বিদ্রোহদ্দীপ্ত অগ্নিক্ষরা কন্ঠে জাগ্রত

 কলম।


১. কবিতা: দিনকাল।


দিনকাল যে দিশায়

চুমা চামি গুলো দিও আড়ালে ।

নচেৎ আলিঙ্গনেই চামড়া খুলে --  

ডুগডুগি বাজিয়ে বুড়ো ভোমরারা  

গান গাবে যে মেট্রো ট্রেনের খোলে !

দিনকাল যে দিশায় --

গেল গেল রব চারিদিকে !  

কী গেল , কতটুকু গেল ,  

মাপ নিয়েছিলে কি নিজের ভরা যৌবনে ?

আজ দেখে রাগে --  

যতই ঠেঙ্গাও , তোমারও ওষ্ঠ      

ছিলনা কি এ ছবির অধীন ?  

পড়ন্ত রোদে চোখ নাহি চলে --  

তাই বুঝি রাগে হলে বিলীন !!




২. কবিতা: বিদ্রোহী।


হঠাৎ বেমরসুম বৃষ্টি এসে --  

ভিজিয়ে গিয়েছে দেখি স্মৃতির দ্বার !  

অনেক ছবি নষ্ট হয়ে পড়ে আছে    

বুকের গভীরে আমার ।      

তোমরা গিয়েছো চলে নির্বিকারে

যে যার পথরেখা ধরে --        

উৎসবের উপান্তে থাকা উচ্ছিষ্টের মত

পড়ে থাকা কিছু ছবি যেন    

আজো ডাক দেয় হৃদয়ে আবৃত তলে ।

শ্রাবণী --- কোথায় যেন তুমি ছিলে !  

বর্ষার ছিটায় ছিটায় আর কালের        

ক্ষয়ে যাওয়া দাগ ধরে --        

আজো দেখি হৃদয়ে গহীন অতলে  

তোমার হাতের স্পর্শ লেগে !    

জীবনেরে আমার ছুঁড়ে ফেলে গেছে  

কর্ম অবসর যেন বাহুবলে --      

এ পৃথিবীর সবেরই তো দেখি মূল্য আছে !  

সেই মূল্যের জগতে আমার কলমের দামে  

যায়নি কিনতে পারা সেই ছবি , তাই দ্রোহী !

তাই জীবনের অতল কর্দমের নীচে গাঁথা  

এ জীবনের একমাত্র বুনিয়াদে --  

হঠাৎ হঠাৎ জাগে কাঁপন , আর তুমি  

হঠাৎই অতল হতে দাও ডাক ,  

আর এ কলমও হয়ে উঠতে চায় বিদ্রোহী !



শান্তা কর রায়ের কবিতা।




গৃহসুখের আলাপনের আঙ্গিকে প্রমীলার

 কলম।


১. কবিতা - কর্ণ।


খুঁড়ে দিয়ে গেলে সমস্ত ক্ষত

ছুঁড়ে দিয়ে গেলে আমায়

অনাগত ঝড়কে দাঁড়াতে বলেছি,

ভেজাচ্ছে শহর চোরাবালি স্রোত

এভাবেই হাতলবিহীন ঝড় ভালবাসি:

রাত অজগর হয়ে জড়ায় স্নায়ু

জটাধারী কেউ তেজী রূপ ঢালে

দৃষ্টি ছুঁয়ে যায় গর্ভতল ;

যোনিমুখে ঢেলে দাও বিষ

জন্ম হোক বিষবৃক্ষের

সূর্য প্রণামের নামে শপথ পরমায়ু

চেয়ে নেবে নিয়মমাফিক

চুরচুর ভাঙবে সকাল  ।



বড় বেশী দূরে গেছো তুমি

নগ্ন রাস্তায় ছড়ানো প্রমাণ সংকেত যত

নির্বেদ ছায়া ওড়ে চাবুকের মতো  ।



২. কবিতা: শাস্তি দিলাম প্রভু।


শান্তিজল নিয়ে ফিরে যাও

ভেবোনা ফেরাতে পারিনি!

শেওলা উঠোনে ছড়িয়েছি আবাহনী বীজ

ঝড়গতি চুম্বন করেছি

অনায়াসে হিমঘরে রেখেছি তোমায়

শূন্যতার উড়ানে রেখেছি চিঠি ।

ঝরাপাতা আমি,কি আসে যায়

উড়ন্ত যুক্তির ভগ্ন দেউলে হাত রেখে

কাঠফাটা রোদ হয়ে বাঁচি

রামধনু ছুঁয়ে ফিরে গেছি

শরীর বৃত্তে অনেক শব্দ ভিড় করে

আগের মতোই নীল সেই নীতি  ।

ভালবাসার জ্যামিতি থেকে ক্রমাগত

শুধু তুমি মুছে গেছো

শীতের দুপুরে শিল কুটো  শব্দ

প্রাণহীন প্রতিঘর কল্পনার মতো  ।



সোহিনী সামন্তের কবিতা।



অপরিচিত আলোকে পরিচিত নারীকথা আঙ্গিকে

কলম।




১. মরীচিকা  প্রেম।


 ক্লান্তির বশে ধূসর মরুভূমি ,


মরীচিকার ঘেরাটোপে দগ্ধ মনকেমন......


ফুরিয়েছে শুধুই প্রেমের নিঃশ্বাস ......


অস্থির মন ব্যাকুল আশ্বাস ।।


তৈলাক্ত মন ছিনিয়ে নিয়েছে ......


অব্যক্ত  কিছু মলাটে ভালবাসা ,


জীবন্ত লাশের মৃত আশা ...


আজ ব্যর্থ  ,ক্ষান্ত ,...।।..


মনকেমনের প্রেম ঢাকা পড়েছে,


মরীচিকার লুকোচুরি খেলায় ......


ব্যর্থ প্রেমিক ক্ষান্ত তার ব্যারাটোপের জালে......


কিছু যন্ত্রণা কিছু অস্থিরতা তৈরি করেছে মায়াজাল...


মরীচিকা প্রেমের ইতিকাল ...।।




২. একলা নারী।


ধ্রুবতারার জ্বলজ্বলে অনুভূতিতে লক্ষ্যভেদের ব্যাপক আশা,


পথের মোড়ে একলা হেঁটে চলার বিশেষ অভিধান ,


উন্মুক্ত করে পাখির মতন স্বাধীন অভিব্যক্তির অক্লান্ত নেশা......


স্যাঁতস্যাঁতে চৌরাস্তায় , কাঁকড় বিস্মৃত লালমাটি............


শত্রুর দামামা বাজে বকুলের অসহায়তায় ......


দুর্বহ পথে একলা নারীর গৌরবের জয়গান,


মুগ্ধ পলাশ ছুঁয়ে যায় একান্ত স্বাধীনতায়......।।







অভিজিৎ দাস কর্মকারের কবিতা।



আধুনিক চিন্তনের আঙ্গিকে কলম।


১. কথা।


জোনাকিসন্ধ্যায় বাঁশতলার ফাঁকে

রাতের চাঁদ মোঘল ইতিহাস পড়ে;

জানালার কপাটে বিচ্ছুরিত প্রতিবিম্বে

পথের ধারে ঘাসেরা বেড়ে উঠছে

ঢেকেরাখা ফসলে।


কাজল পিসি বলেছিলো

শব্দগুলো ট্রয় থেকে থরের মোড়ে

ওলট পালট স্পার্টার সমীকরণে গুন-ভাগ যোগে পরাগরেণুর অস্তিত্ব চৌকাঠে।


বইয়ের কথা ভূলে

ডেকে নেবো নেপলিয়নকে পলাশির

অমীমাংসিত চৌরাস্তায় বুড়ো আঙুল চেপে পরিচয় দেবে পৃথিবীর কক্ষপথ...





২. সংখ্যার ডেবিট-ক্রেডিট।



ক্যাপিটাল মার্কেট সমান বাফেট।

হাতছানি সূচকে অসমান

লাল-নীল ডিজিট

অংশিদারী কেনা-বেচায় গোলক-ধাঁধাঁ।

ফাঁকা লাব-ডাব পেটে সঞ্চয় চড়া রঙে।

ন'টা পনেরোয় লম্বে উপচে পড়া লোক।

চাপ না থাকা সমতল ডিভানেও ঘুম নাই।

চাদরের ফুলে প্লে-স্টোর ভর্তি রঙিন অ্যাপ।

রাত ভৈরবী গায় বর্গাকার মশারি পাশে।

ঘুমে সরল বলিরেখা মিলিয়ে দেয় আগন্তুক ছোঁয়া।

কেনা ডি-ম্যাট ভর্তি ঘনাকার এক্সচেঞ্জ ফোলিও।

আর্যভট্টের বিন্দু দিক তহবিলে ভবিষ্যত সংখ্যা।

কখন থেমে যায় ঢেউখেলা NEFT-র জাল তরঙ্গ।

হন্যে হয় সমান্তরাল সংখ্যার ডেবিট-ক্রেডিট...



অনুরূপা পালচৌধুরীর কবিতা।




সোহাগ রসায়নের আঙ্গিকে সাম্প্রতিক লেখনী।


১



রেডিয়েট বাইফোকাল রেডিয়েট

---------------------------------------------



অস্থায়ী সূর্যের ক্ষণপায়ে কোলাহলের দীর্ঘ কোলাজ


অবশিষ্ট কামিনী = কাম(টু)মি : আদুরে প্রেক্ষাপট


থেকে যাবতীয় টু     টু লাল ব-দ্বীপ

                           স  (এ)

                           ↓

                           ↓

                        (কাম)


স্তাবকতার প্রতিন্যাসে অন্ধপাতকুয়ো


অসম জল।জলীয় প্রলাপ।অবগাহন


         ১বন্দী = ৪দেওয়ালের আলার্ম


চোরারোদ____রোদচেরা শহরে


                             গলে পড়ে নীল শরীর



২


১টুকরো জলীয় ক্ষরণ

-------------------------------



তখনো পারদ উত্তাপ ভেঙে প্রবাহমান মাটিশিকড়


বোতামের দখলদারি : বরফ অজুহাতে নদীগর্ভ


অশ্লীল চোখে কাঙ্ক্ষিত ফার্নের হোয়াইট মোনার্কি


এসো পাথরে ঠোঁট ঘসে নেই


জন্ম নিক লাল ক্ষিদের অক্ষরেখা


লুকিয়ে রাখি গাছের আড়াল।অবশ দেওয়ালের  দীর্ঘ সংলাপ


ব্যাকুল কুয়াশার এজলাসে শিউলিবাসর


নীরব আগুনে পিপাসার হলুদ পৃথিবীকোষ


বুক ভিজে তুমি নেমে যাও ঝুড়িমূলে


২হাতের চেটোতে তখনো আগুন পুষে রাখি অছিলায়


প্রত্যূষা সরকারের কবিতা।




আধুনিক চালচুলোহীন প্রেমের আঙ্গিকে কলম।



১| |তোমার পরকীয় প্রেম|


 --- কবিতা কী হারিয়েছে?

     শুধুই  মিটিং-মিছিল? হুম?

     কতদিন বারণ করেছি, চশমাটা পড়বে না!


চশমায় আমি আভিজাত্য পাই

তোমার কুচকুচে ঠোঁটের ধোঁয়ায় মত।


মাঠের ওপাড়ে আর সূর্যাস্ত হয় না

এ' পাড়ে আমি সন্ধ্যা নামাই হেসে।

দোয়াত কালোয় ডুবতে ডুবতে

আমি অজ্ঞাত পলিটিশিয়ন হয়ে উঠেছি।

সাইবেরিয়ার সাদা অন্ধকার আমার গ্রীষ্মবেলার আস্তিন।

ভেজা চাদরে পরিযায়ীর ভিড়

খড়কুটো সামলে রাখে পাশের বাড়ির চড়ুই

যদি বেহাত হয় বাসা।

তোমায় কতদিন দেখি নি আমি...

স্টেজের আলোয় আমার ছন্দপতন ঘটেছে,

চিহ্নহীনে আমি অবৈধ।

বারবার উচ্চারণ করেছি মিছিলের শিরোনাম

পংক্তি কাটতে কাটতে জুড়েছি শ্লোগান।

তল খুঁচিয়ে খুঁজে পাই নি তোমায়

নীরব দর্শক হয়ে তুমি বসেছিলে

গ্যারেজের ভ্যাপসা নর্দমায়।

চৌকাঠ পেরোই নি আমি, পাছে ভুল হয়ে যায়।

ভোটাভুটি, মারামারি, দাঙ্গা, মিছিলে

তোমার প্রিয় কবি ক্ষীণ হত রোজ।

পড়ে দেখ দেড়শো বছর পর আমায়...

কবি শুধু রাজনীতি বোঝে।

বয়স তো আমারও বেড়েছে!


আমিহীন কেটে যাক, কাটুক যে ভাবে কাটে...

বছরটা জন্মে যেন রাজনীতি না করে

ছন্দস্রোত হঠাৎ থামলে, খুব ভয় পেয়েছিলাম।


ইতি,

      তোমার পরকীয় প্রেম





২| | নিশাগম |


রাত্রি নামে নরম শরীর জুড়ে

খাঁজ-কাটা গোঁফ এড়িয়ে চলে ঘ্রাণ

বংশবৃদ্ধি সজাগ টেলিস্কোপে

দেখতে পেলেই বয়সে দড়ির টান।


মেয়েটি ছিল আধ-খোলা ইতিহাস

পরাগ তেজে শান্ত স্বতন্ত্র

ভুলের মাশুল জ্যান্ত ছিন্ন লাশ

পচন ধরা নষ্ট নক্ষত্র।


জোয়ার এখন মধ্য স্নায়ু মূলে

জরায়ু বেয়ে কুয়াশার উৎপাত

বিষ নেমেছে নাভির তলদেশে

উপড়ে ওঠে মনুষ্য নিশ্বাস।


অন্ধকারে চোখ যায় না ঠোঁটে

শরীর পেল মাদক সহবাস

কেউ জানে না যন্ত্র যোগে প্রেমে

যন্ত্রণাটা ভীষণ উন্মাদ।


আরিফুল ইসলাম সাহাজির কবিতা।




আত্মসমীক্ষণের অন্তর্দৃষ্টি আঙ্গিকে কলম।



১. অন্ধকার :পথ দেখাও


শতাব্দীর শবদেহ বহন করবার মত

একটা শক্ত কাঁধ চাই ,

গণকবরের পাশে কঙ্কালের রাশিগুলো

ঠিকঠাক সাজিয়ে রাখার মত

একদল ডোম চাই ,

ছন্দের গহীনে এত আঁধার ঢাকবার জন্য

বিবেকহীন একদল কবি চাই ,

ক্ষয়িষ্ণু শরীর হতে পাঁজর খুলে

মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেবার জন্য

একদল ভুয়ো ডাক্তার চাই ।


পাশাপাশি

তিমির হননের গান উপেক্ষা করে

প্রেমের মশাল ধরানোর জন্য

একজন সাচ্চা মানুষ চাই :গোধূলির

নেতিয়ে পড়া আলোতে লন্ঠন হাতে

অগণন সপ্নকে সে পথ দেখাক ।




২. জীবন্ত ফসিল -


অসুস্থতা বাড়ছে !চামড়া ভেদ

করে শিরগুলো উঁকি দিচ্ছে ,

রুক্ষ্মতা ,স্নায়ু দূর্বলতার ফেনুস

শরীরকে করে তুলছে জীবন্ত

ফসিল !


অসুস্থতা বাড়ছে !উত্কণ্ঠা

নির্দ্রাহীনতার রূপ নিয়েছে ,

দেহনদী জল্প্পতায় ভুগছে ,

অবসাদ আর হতাশা শরীরকে

করে তুলছে জীবন্ত ফসিল !


অসুস্থতা বাড়ছে !হৃদয়ে অগ্নিস্ফুলিঙ্গ ,

নিঃশব্দের তর্জনীতে সময়ের জলছবি ,

সামনে মৃত্যুদ্বার ;পীড়িত মুখ :পাঁজরের

দাঁড়ে অসহ দহন..........

যুগযন্তনার শব্দিত তান্ডব অন্তঃসারহীন

ভবনদীকে করে তুলছে জীবন্ত ফসিল !






পবিত্র চক্রবর্তীর কবিতা।




অভিনব উপপাদ্যের আঙ্গিকে প্রেমের কলম।



১. কবিতা: শুক্রানুদের সংসার।


শ্রেণীসংগ্রামে কয়েকশো ডিম্বাণু - শুক্রাণুর মৃত্যুর পর ,
অসীম গর্বে ,বিজয় উত্সব করতে করতে দুটি হাত
এক হয়ে ক্রমে আরও ঘনিষ্ঠ হতে শুরু করে !বাঁধে সুখী গৃহকোণ;
সৃষ্টি হয় আপাত ঘুমন্ত স্বপ্ন- মাতৃ জঠরের নরম শয্যায় !
নাটোরের বনলতার সাথে হাঁটতে হাঁটতে একে একে
তারা এগিয়ে চলেছে - আরও এক উদ্যেশ্যে !
সকলে যে সকলের মত এক হবে তার কোন
অর্থ না থাকলেও , প্রাগৈতিহাসের দেহজ সংসারেরা
একই ভাবে রচনা করে সৃষ্টির অনিন্দ গভীর উল্লাস !
উষ্ণ জলে নড়বড়ে ওঠানামা নরম মাংসপিন্ডে ,
ক্রমান্বয়ে চাপে ধর্ম-অধর্মের অভেদ্য বস্ত্র বর্মের মত !
শুধু ভাবি , শুক্র আর কুসুমের - ধর্মটা ঠিক কি ছিল ?




২. কবিতা: প্ল্যাসেন্টা।


ভালোবাসি বলে যে ঘৃণাগুলো প্রতিনিয়ত
এলোকেশের মত উড়ন্ত হাওয়ায় পড়ন্ত
গোধূলিতে এলোমেলো থাকে , সূর্যের
আপাত শেষ রশ্মির মত খেড়ো নদীর গহ্বরে
কুণ্ডলী পাকানো প্ল্যাসেন্টা আর ঠিক তারই
নান্দনিক লয়ে অবহেলাদের বিলি কেটে কেটে
কবরী বেঁধে দেই । পাশে সজ্জিত থাকে অবহেলা ।


হয়তো এইভাবেই জরায়ুর অকাল কান্না আর --
গোলাপ লাল রক্তে ক্ষরণ হয় অব্যক্ত থাকবে
কিছু যন্ত্রনাদের নিশ্চুপ অভিলাষ । তবুও দেখি ,
কত দগ্ধ হয় এমন ভাবেই হৃদয় । ক্রমে ,
ঘূর্ণিঝড়ের শেষ দাপটে উপড়ে পরে বনস্পতিদের
সংসার অথবা ,মাথা নুইয়ে থাকে গুল্মের কলোনী ।


সেই মত ভালোবাসাদের দীনতা রেখে যাবে
হয়তো , প্রতিদিনের মুখোশ পরা প্রেমের দিবস ॥


অর্ণব গড়াইয়ের কবিতা।




সাম্প্রতিক সামাজিক প্রেক্ষাপটে কলম।



১. কবিতা: মধু।


একটা বিষাক্ত কাম, শিরশিরে অনুভুতি,

অল্প অল্প করে কুড়ে খায় ভালোবাসা ।

বস্তাপচা মূল্যেবোধের ভারে ক্রমশ নুব্জ্য,

অলীক উন্মাদনায় সব তরলীকরন ।


প্রত্যাশিত ভালোবাসা হঠাৎ করে ইউ টার্ণ,

কুলুঙ্গির কোনে জমে থাকা উষ্ণতা এখন বরফ ।

হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা একটু শীতল জল,

ফুটন্ত যৌবনে পড়তেই চোঁ চোঁ করে একটানে সব শেষ ।


ভিড় করে থাকা মাছিদের গুনগুন,

ফুলে ফুলে মধুর আশায় গুজ্ঞরন ।



২. কবিতা: দ্রৌপদী।



চলো দ্রৌপদী আমার হাত ধরে এগিয়ে চলো

তোমার অপেক্ষার প্রহর প্রায় অন্তিমলগ্নে ,

আজকের শ্রীকৃষ্ণ ব্যস্ত অর্জুনের সহজপাঠ শিক্ষায় ।

ভাঙা চশমার ফাঁক দিয়ে বাঁকা চোখে ডাক পাড়ে অসুস্থ রিকসাওয়ালা ।

ধরো দ্রৌপদী আমার গামছা, ঢেকে নাও তোমার লজ্জা

খোলামেলা দ্রৌপদীতে আমরা অভ্যস্ত নয়, তোমার আঁচল সামলে নাও ।

আজকের শ্রীকৃষ্ণ ব্যস্ত, কানে গোঁজা মোবাইলের হেডফোনে ।

দেখো দ্রৌপদী কেমন সবাই তোমার দিকে তাকিয়ে রয়েছে,

তোমার নগ্নতার শেষ নির্যাসটুকু চাতকের মত পান করে নিচ্ছে অবলীলায় ।

এখন ব্যস্ত শ্রীকৃষ্ণ সংবাদপত্রের পাতায় আর এক দ্রৌপদীর খোঁজে ।