বুধবার, ১১ জুলাই, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা-1



১. কবিতা:

আগুন-জলে শ্রাবণ বাসর

মায়িশা তাসনিম ইসলাম

বারুদ চাঁটা সত্যের বুকে জলেরা আঁকে প্রেমের নির্যাতন
চন্দ্রবৈধব্যের মাটি ভিজে গিয়ে হাতে পড়ে নেয় সবুজ পাতার ব্রেসলেট...
মেঘের চিবুকে তুমি আগুনের ঝাঁঝ!
অনির্বাণে জ্বলুক বরষার ম্যাক্সির তলে বিধবা রমনীর স্তন!

বীর্য-শশ্মাণে প্রবেশ করে
সমাজের কাঁদায় লেপ্টে থাকা পা!
কবর খুঁড়ে বেরোয় চন্দনের মিথুন-ফোয়ারা!

পুরনো বটের শেকড়ে চুমু খায় কদমের ঠোঁট।
কুয়াশার দাসত্ব কিনে নেয়া শ্রাবণ,
ঘর্মাক্ত পিঠে লিখে দেয় গোপন উপন্যাস!

বেনোজল-কেশে ঢাকা কপালে স্বপ্নের আঙুল,
লাল টিপের পুনরায় জন্মকালীন আর্তনাদ!
মৃত্যুঘোর কেটে গেলে বৃষ্টির নির্মানে ঠাঁই নেয় অমরত্বের লাজুক অপরাধ।



২. কবিতা:

 রহস্য-পর্দা

মায়িশা তাসনিম ইসলাম

আজ জানালারা উঠে আসে কোমা থেকে
         কারণ শরতের কোলে আশ্রিত অসুস্থ গ্রীষ্মে
       ভর করছে ধ্যানত্যাগী অভ্রনয়ন!  কাজলমাখা নীলের চুম্বনে
         দালানের দগ্ধ পাপগুলোতে নীলাম্বরীর শয়ন!
                       
মৃত্তিকার বুক ফুঁড়ে বেরোয় গলিত সংবেদ্য,
         কামাতুর আকাশ-দেবতা!
সবুজ প্রেমিকাদের অভিসার-তৃষিত শরীর ভেসে যায়
       জলজ উষ্ণতায়!

জানিনা, তোমার মনে আছে কি না
শরীর থেকে সমস্ত বিষাদ পান করে
          অমরত্বের ঘ্রাণ নিয়েছিল নশ্বরতা।
কেঁপে উঠেছিল পাথুরে বোধ
                   অনিরুদ্ধ অক্সিজেনে!
তুমি জিজ্ঞেস করে উঠলে কিছু একটা
          যে প্রশ্ন আজো শতাব্দীর স্পন্দনে জাগায়
স্নিগ্ধ প্রলাপ!
         উত্তর দেইনি।
শুধু কপোলের উদ্যানে ঝরেছিল
                     এক ফোটা অশ্রু-শিশির।

শুক্রবার, ৬ জুলাই, ২০১৮



সম্পাদকীয়।
সুপ্রীতি বর্মন।

লিখে ফেলুন চটপট।
"বর্ষামঙ্গল সংখ্যা"।
কলমের গর্ভস্রোতে বানসুন্দরীর কনক কাঁকন প্রেমিকের মনে সুর তুলুক ছলাৎ ছল নায়িকার কাঞ্চন কোমর ঝাপটার রিনিঝিনি বীর্যপাতে তোমার বর্ষামঙ্গল প্রানে আনুক প্রেয়সী উন্মাদনা তিতিক্ষা বৃষ্টি পরকীয়া মেঘরাজের সংসার।
বর্ষামঙ্গল তোমার ন্যাওটা স্রোতের প্রেমের জোয়ার সংকুচিত ঘরকুনো ছারপোকা তোমার বিষদাঁত ভাঙুক শ্যাওলা ধরুক তোমার সীমাবদ্ধতার চারদেওয়ালে।
আজ মোহনায় হোক সঙ্গম তোমার ছাঁটের সাথে আমার আঁচল।
হোক হোক বর্ষা ক্ষতি নেই আর।
ভেঙে ফেলো লৌহকপাট।
ওরে গৃহবাসী খোল দ্বার খোল ভেসে যাক তোর হিসেবী সংকোচনশীল হৃদয়।

"প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে বাঁধন খুলে দাও, দাও দাও দাও।ভুলিবো ভাবনা পেছনে চাহাবো না পাল তুলে দাও দাও দাও দাও।"

বর্ষামঙ্গল সংখ্যায় আপনার প্রিয় ও সেরা রচনা পাঠিয়ে দিন ২০ শে জুলাইয়ের মধ্যে।

আমার মেলে supritibarman769@yahoo.in

অবশ্যই সম্পাদকীয় পড়ে থিম অনুসারে সমৃদ্ধ রচনা পাঠিয়ে দিন দুটো বা তিনটে কবিতা।

বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

তুলসী দাস ভট্টাচার্যের কবিতা।



অকপট কথনের আঙ্গিকে সৈনিক কলম।

(আপনি তো অনিচ্ছুক ব্লগজিনে লেখা প্রকাশ করতে তবুও আপনার পাঠানো কবিতায় গন্ধ পেলাম মাটির তাই দিলাম।)



একটি যুদ্ধ বিরোধী কবিতা//



চারদিক হতে ধেয়ে আসে হিংসার ফলা

ফালাফালা রাতের আকাশ ।

যে চোখে এতদিন দেখেছি পৃথিবী

সে চোখেই আজ কুষ্ঠ  চাঁদের শিলালিপি।

বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে ব্যালকনির একফালি বুকের সবুজ প্রান্তর ।

রেকর্ডেড সংলাপে ধরা পড়ে না যুদ্ধের পূর্বাভাস ।

বিকেলের সব রঙ মুছে যাওয়ার আগেই

দীর্ঘ অন্ধকার নিয়ে নেমে আসে রাত্রি।

নৈশকালীন যুদ্ধের জন্য আমাদের

সর্বদা প্রস্তুত থাকতে হয় ।

একটি যুদ্ধ-বিরোধী কবিতা

ভোরের আকাশে লাল হয়ে ওঠে।

-----------------------------------------------


রাহুল গাঙ্গুলীর কবিতা।



প্রেমের রসায়ন আঙ্গিকে অভিনব রূপান্তরিত কলম।



সঙ্গমরত : ঘুড়ি & আকাশ (কফিহাউস থেকে)

------------------------------------------------------------------

১


আপাতত ১কাপ কফির রং ~ মেরুন

আগমনী কফিন : আপাত মেরুন > ৪র্থ সর্বনাম

?-চিহ্নগুলো উবে গেছে [কে।কবে।কোথায়।কখন]

শুধু সিঁড়িভাঙ্গা বিকেল ~ সান্ধ্য তেজস্ক্রিয়তা



২


পেয়ালা-য় চলকে ওঠা ঝড়।সুখীসুখ ঝড়

আলগা হাত ~ খসে পড়া তারাখসা দাবি

জানি : এই দেহ নশ্বরী [আজন্মকাল]

বাড়াবাড়ি রাত-জড়ুলের চাঁদ ~ বিশেষ যৌনখেলা



৩


ক্রমশঃ কফিরঙের শূন্যস্থান।ছুঁলেই কাফের

মাখামাখি টপটপ্ ~ ওম মাখানো চেয়ার

মুখোমুখি হলেই বা।না হলেই ______

অবশিষ্ট গ্রহণ < পরজীবী চতুর্ভুজ >

ভাজক সংখ্যা দখলদারি মানছে না




শব্দরূপ : রাহুল



সৌমেন গুহ রায়ের কবিতা।



সহজ জীবনের চেনা জানা উপপাদ্য।


১. কবিতা:

জ্যৈষ্ঠের দুপুরে ছাদে গয়না বড়ি দিতে দিতে ঠাকুমা ছুঁয়ে যেতেন সব আলাপচারিতায়
সিঁদুর গলে গলে পড়তো
তার নথ ছুঁইয়ে চিবুকে
ক্রমশ হয়ে উঠতেন ঈশ্বরী
তাকে ঘিরে তখন মা কাকিমাদের সব নিভৃত দীর্ঘশ্বাস
আলতো করে ছুঁয়ে দিতেই ভেঙে পড়ত পাঁচিল

ঠাকুমা গল্প শোনাতেন বারদূয়ারীর চৌকাঠ ডিঙনোর
জল এসে ভিজিয়েছে গোড়ালি কতবার
কেঁপে উঠতো সবাই
কলকল করে কুয়োতলায় গা ধোয়ার হিড়িক

আঙুলে আঙুলে গয়নাবড়ি তখন সারা ছাদ জুড়ে




২. কবিতা:


সম্ভবত বাদুরেরা জানেনা
কটা ক্যামেরা তাক করা আছে
আকাশের দিকে উড়লেই
ফ্লাশ ঝলসে উঠবে
পথ হারিয়ে ফলের কাছে যাওয়া হবে না আর

পলেস্তরা খসা দেওয়ালে তখন কচি পাতা মেলছে বট

চতুর্দশীর সন্ধ্যায়
একটা ছেনাল মেঘ এসে চাঁদকে আড়াল করতেই
রোহিনীদির আঁচল খসে পড়ল
বালক ঠুকরে যাচ্ছে জোড়া বেল

চাদমারিতে তখন ব্যাধেদের বিতর্ক সভা




৩. কবিতা:


কত কত সর্বনাশ নিয়ে বসে আছি আজ ও
শিথিল শ্বাস অসাড় প্রত্যঙ্গ ক্ষয়ে পড়া
প্রাচীন ফটক গুহালিপির অচেনা সংকেতে
যে যার নিজস্বতায়
বেঁচে থাকে
হিমশৈল গলে যায় গার্হস্তের করুন উত্তাপে

ভেঙে পড়ে দেওয়াল পাঁজরের শেষ পর্দাটুকু
শূন্যতাকে ঘাড়ে করে তখন ও প্রেমিক
করে মাণ্ডবীর খোঁজ

এ বসন্তেও অনাথ পাতার মত হলুদ সর্বনাশে ভরে ওঠে আমার উঠোন
আমি তাই দেখি

সুব্রত মন্ডলের কবিতা।



সহজিয়া প্রেমের নাব্যতার রাজপাট ছন্নছাড়া

 প্রেমিকের বাউন্ডুলে ঘরদোর আঙ্গিকে কলম।



১. ঢেউ।
------

দেওয়ালের গা বেয়ে গান নামতে নামতে
পাঁজর চিরে বেরিয়ে আসে গাছ ,
চারপাশে কামাক্ত জল,অস্পষ্ট লবন উচ্ছ্বাসে
পাড়ের মতো নিস্তব্ধতা নিয়ে শীত আসে মৃত শামুকের মতো,
ফড়িংয়ের ডানা থেকে ঝরে পড়ে কবেকার বিকেলের ক্ষোভ ।

ঠিক যেভাবে প্রকৃতি বুকে ক্রমশ ডুবে যেতে থাকি
পারাপার, ঘুম , নিঃস্ব মাটির মতো মাঝরাতে নদী ভালোবেসে
অজানা শহরের বাঁকে,ক্লান্ত জনপথে...

শব সম্পর্ক ডিপ ফ্রিজে সাজানো থাকে ,
প্রয়োজনীয় কথাবার্তা ফুরিয়ে এলে একদিন ভেসে উঠে তারা ;
নামহীন প্রতিবাদ হীন অন্ধকার পাথরের গায়
অজস্র কালো কালো ধূপ, ছায়াহীন সঙ্গীনিকে সদ্য পুড়িয়ে এসে ,অভিমানে ,তীব্র জলোচ্ছ্বাসে ...

হে জন্মান্ধ প্রেমিক !
তবে কেন তোমাকেও হেরে যেতে দেখি ;
রঙবেরঙের ছন্দহীন সারি সারি সম্পর্কের ভিড়ে ?



২. সহযাত্রী।
_______

চলে যাওয়াটা আসলে বাহানা মাত্র ।স্টেশনে বসে থাকা যে সহপাঠী তার চুল খুলে প্রথমবার খোলা আকাশে একটা প্রজাপতি উড়িয়ে দিয়ে বলেছিল সে 'মুক্ত',সেই সহপাঠী এখনও পর্যন্ত চলে গিয়েও যেতে পারেনি। তারপর থেকে যাকে কোনদিনের জন্যও অপেক্ষা করতে দেখা যায়নি স্টেশন চত্বরে ।
বাইপাস থেকে দশ পা দূরে কমলা-লাল বাড়িটার কার্নিশের গা ঘেঁষে সেদিন হলুদ শাড়ির ভাঁজে ভাঁজে ভীষন রকম মেঘ করেছিল, মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টি নেমে এসেছিল সমগ্র উঠোন জুড়ে।

চারপাশে এত কোলাহল, নিয়মমাফিক ট্রাফিক জ্যাম কিংবা মৃত সিগন্যালের মতো তার প্রতিটি স্মৃতি জ্বলে ওঠে শিরায় শিরায়।ফুলে ওঠে রাত্রি এবং ঘাম।গ্রাম ছাড়িয়ে শহরে ঢুকে পড়ে অজস্র পায়ের ছাপ,ফেলে আসা দুপুরের ঘুম, ক্লান্তি জড়ানো কালো কালো ছায়া।

যাকে ইচ্ছে না হলেও মাড়িয়ে যেতে হয় ।বৃষ্টিস্নাত পাথরের বুক কিংবা শ্যাওলা জড়ানো প্রেমিকার শেষ হাসির মতো।যেভাবে প্রতিনিয়ত ভালো আছি বলে অপেক্ষায় থাকে শেষ ট্রেনের অপেক্ষায় বসে থাকা প্রতিটি সহযাত্রী।


অপূর্ব অধিকারীর কবিতা।




ঝারাঝাপটা গূঢ় তাত্ত্বিক বিশ্লেষনী অঙ্গরাগ

সুধা প্রেমের স্পর্শ ও উন্মাদনার আঙ্গিকে কলম।


১. "সাক্ষ্য-প্রমাণ"।


বিশ্বাস করো- আমি তোমাকেই ভালোবাসি;
সাক্ষী তোমার বাড়ির দারোয়ানের বক্রদৃষ্টি।
তোমার ছোট ছোট পাড়াতো ভায়েরাও তা জানে;
চকলেটের বিনিময়ে কতবার তোমার খবর নিয়েছি।
বিশ্বাস করো- আমি তোমাকেই ভালোবাসি;
সাক্ষী আমার মায়ের বকুনি আর তোমার দিদির ভ্রুকুটি।
নির্ঘুম দীঘল রজনীরা কি অস্বীকার করবে...?
একাকী বসে তোমায় ভেবে কাটানো সব রাত!!
রাত জেগে লেখা অজস্র কবিতা সাক্ষী-
আমি তোমাকেই ভালোবাসি।
সাক্ষী সেইসব বাতাসের সাথে আমার হিংসেমি'
যে বাতাস তোমার সুরভিত শরীর ছুঁয়ে যায়।
কিংবা সাক্ষী ঐ ফটকি নদীর প্রতি আমার রাগ...
স্নানের ছলে যে তোমার সাথে খেলা করার ফন্দি আঁটে।
ভরা পূর্ণিমার চাঁদ (যে আলো ছড়ানোর বাহানায়)-
তোমার অঙ্গরাজ্যে ভ্রমণ করার স্পর্ধা দেখায়!
বিশ্বাস করো সেই চাঁদের সাথে আমার শত্রুতা সাক্ষী-
আমি তোমাকেই ভালোবাসি!
সাক্ষী আমার প্রতিদিনের মেঘলা আকাশ'
যেখানে অবহেলার মেঘেরা বৃষ্টি হয়ে নামে।
হ্যাঁ, আমি তোমাকেই ভালোবাসি....!
ডাইরির পাতায় সংরক্ষিত অনুভূতিরা তার প্রমাণ;
তার প্রমাণ তোমার নেশায় আমার সব পাগলামি!
এবং তোমায় ঘিরে রচনা করা ব্যর্থ স্বপ্নের হাহাকার!
আর প্রমাণ প্রতিটি রাতের জ্বলন্ত নিকোটিন শলাকা;
তোমার দেওয়া কষ্টে যারা 'ডোন্ট কেয়ার' ভাব আনে।
বুকের পাঁজরে জমা পুঁজ আর সেখানে ওড়া মাছিরাও প্রমাণ;
হাসির আবরণে ঢাকা মর্মভেদী যন্ত্রণা কিংবা
তোমার দাদার তর্জনীও একই সাক্ষ্য দেবে-
আমি তোমায়...হ্যাঁ, কেবলই তোমায় ভালোবাসি।।


     
 ২. অনভিপ্রেত।
         

অযত্নে বেড়ে ওঠা এক নিষ্ফলা গাছ আমি'
গোড়ায় জল ঢালার সাহস কেউ দেখায় নি।
সবাই ভাবে আমি মানুষখেকো রাক্ষুসে গাছ'
ভুল করে বেখেয়ালি বৃষ্টিরা আমাকে বাঁচায়'
এই মৃত্তিকাও আমার ঘোরতর বিরোধী।
তাই আমি বহুরন্ধ্রী হলেও নেই রস টানার জো'
নইলে হয়তো আমিও হতাম সুমিষ্ট ফলের পিতা।
দেখ- আগাছাগুলো আমাকে জাপটে ধরেছে-
ভালোবেসে নয়, ওরা নিজেরা বাঁচবে বলে।
ঝড় উঠলেই সকল আগাছা আমার হয়ে যায়'
তারপর আবার লেপে দেয় কলঙ্কের প্রলেপ'
ভরা কলঙ্কে মনে হয় নিজেকে উপড়ে ফেলি!
কিন্তু আমার শিকড় আজ বহুদূর বিস্তৃত...
মায়ার জালে আর স্বার্থপর হওয়া হলো না।
কী আছে না হয় সবাই-ই অস্বীকার করুক
ওদের কাছে আমার নিত্যকার প্রয়োজন-টুকু।
না হয় ভাঙুক আমার ডাল, ছিঁড়ুক কিছু পাতা
কিংবা অস্ত্রাঘাতে হোক শরীর বর্ণহীন রক্তাভ!
তবু জানতে তো পেরেছি এ তেজস্বী রাহুকালে
"ঠিক ততক্ষণই প্রিয়জন, যতক্ষণ প্রয়োজন"।



সুপ্রীতি বর্মন।



কবিতা: গোলাপ প্রিয়তমা।
নাম: সুপ্রীতি বর্মন।

হে অপরূপ রজঃস্বলা কামাগ্নির রসস্রোতে
কি হেন রয়েছে অমৃতসুধাভোগ পদ্মবৃন্তে
মদনের তীক্ষ্ণ বাণের পরশে উন্মিল কোজাগরী শশীর অর্ধউন্মুক্ত খাঁজকাটা বৃন্ত উন্মুখ ক্ষীরোদ সাগরে
চোঁ চোঁ ক্ষুধার অনশনে হাতড়ায় বন্ধ্যা দু বিঘা জমিন।
প্রাক্তন চারদেওয়ালের হা করা ঋণ পলেস্তারার প্রেম ঝুরো ঝুরো খোলস উন্মোচনে নিরাভরন তিলোত্তমার আবরন পেটিকোট ষষ্ঠীর বোধন
পায়ের তলায় হুমড়ি খেয়ে পরম নৈষ্ঠিক প্রেমের মহলা।
কটিদেশ জড়িয়ে আশ্লেষে স্নিগ্ধ খরস্রোতার দূর্বার শঙ্খনাদে আরোহন আরাবল্লীর বল্কল উঁচু চূড়া।
নাভিতটে ঘুসঘুস প্রেমের যোগনিদ্রা
রিখটার স্কেলে উষ্ণিক তাকত ভূকম্পনের শৈলরেখায় ঊমার জাগ্রত আঁখি
চুম্বনে ভ্রূপল্লব সংযমী পুরুষকথা অন্ধ সুড়ঙ্গে অকপট প্রবেশ সাহসী স্পর্ধায় কামাক্ষ্যা যোনি প্রসিদ্ধি বীতশ্রদ্ধ
অশোকের কলিঙ্গ জয়।
মৌসিনরামে পিচ্ছিল বর্ষনে অবগাহনে নগ্ন ধরাশায়ী সৈকত ইচ্ছামৃত্যুর বিষে সলিল সমাধি স্রোতের কৈশোর প্রেমিক দন্ডে।
প্রস্ফুটিত লাজে রাঙা টুকটুক গোলাপ
তোমার আঙ্গিক বিশ্লেষনে ছাড়ানো পত্রে পত্রে গুমোড় সৌন্দর্যের কামড় ছড়িয়ে ছিটিয়ে অঙ্গ পাপড়ির শিকড় ছড়িয়ে মাটিতে গ্রন্থিমূল।
নিরাবরন নগ্ন তনুর কায়াপলট মৃদু উষ্ণ অঙ্গুলীর ছোঁয়াচে লজ্জাবতী পাতার নাচন বজ্রদন্ডে সিংহী কেশরে অস্থির উন্মাদনার অক্ষি প্লাবন।
ডুবে অপমৃত্যু শূন্য গহ্বরে বাসা চাতক সুন্দরী।
উত্থিত খুঁটির গোঁজে দুগ্ধবৎসল গাভীর কন্টকময় আবেশে দুর্বার চাদর
দূর্বলতায় শীৎকার কুয়াশার স্নান।
পুরুষালী সমুদ্রে হাড়ভাঙা গর্জন ফেনিল বীর্যে মহাপ্রলয় নোঙ্গরে ছাপোষা বৈতরিনীর সংসারে হেঁচকা টান ফোঁটায় ফোঁটায় প্রনয়ীর নষ্ট নীড়ের হুংকার প্রত্যাবর্তন আড়িমারি দীর্ঘশ্বাস কার্ণিশে ঘরকুণো চাতাল।
কেশরে অঙ্গুলীর নাড়াচাড়া চুম্বকীয় ঘর্ষণে অতলে উত্থিত যৌবন রাখঢাক
পরাভূত উদ্বায়ী পরাগরেণু।
পেন্ডুলামের দোদুল্যমান দন্ডে হস্তে পরিমেয় সময় মৈথুনস্রোতে ইচ্ছার গলনাঙ্ক বরফে জমাট তঞ্চন
মানসচক্ষে গোলাপ সুন্দরী অন্ধ হ্রদে ডুবে ডুবে মরি আমি অপোগন্ড অর্বাচীন কান্ডারী খুচরো আধুলীর স্তনকৌটোর সঞ্চয়ের শোকে।
বৃন্তের কন্টকের ঘামে হাঁকডাক প্রনয়ীর অর্ধোস্ফুট প্রসব কুসুম ভ্রূনজাত পৌরুষের অঙ্গীকারে।
গোলাপ সুন্দরী আহ্লাদে গটমট ফুটে উঠো অলৌকিক জীয়ন কাঠি দুগ্ধবৎসল বজ্রদন্ডে।


বুধবার, ২০ জুন, ২০১৮

শ্যামলতরুর কবিতা।



অরণ্যানী ধামসা মাদল আদিবাসী প্রেম অসুর

 রাগিনীর জাফরানী রঙের আসন্ন সঙ্গম।



১. নিছক প্রেম গান।


স্তনবৃন্তে ছিল শিরকাবাদ পাহাড়ের

শালের আঘ্রাণ ।

উন্মাদ সে রাতে ছিল মাদলের বোল

ঝুমুরের মেঠো আস্বাদ !

মিলিত হবার গানে জেগে উঠেছিল অরণ্য জলসা ।

তখন তোমার চোখের কোনায় প্রথম দেখি

হীরের দ্যুতি !

ঠোঁটে ছিল শিশুদের ছড়াগান !



 আজ ভেসে  গেছি সময়ের চোরাটানে

বলিরেখা বলে দেয় সময় হয়েছে ঢের ।

ব্যালকনি জুড়ে খেলা করে আগামীর শালতরু

ক্ষয়িষ্ণু হাঁটু  জবাব দেয়  আজ অরণ্যকেও !

প্রশ্ন তো ছিল একটাই এখনও , এখনও কি

শাল অরণ্যে প্রবল বর্ষায় তোমার চোখের কোনায় , জেগে ওঠে হীরের দ্যুতি ?

যদি আবার দেখা হয় হঠাৎ উত্তরটা

বলো কানে কানে তোমার আরণ্যকে।





২. অপেক্ষমাণ সঙ্গম।


যে অতলান্ত গভীরে

তোমার এস্রজের সুর বাজে

বোমারু বিমানের শব্দ সেখানে অবান্তর ।


পোড়া বারুদের গন্ধে শরীর ভেসে যায়

আমার

তখন কালাশনিকভ অসুর রাগিণী তোলে ।

তবু আজ দুটি বসন্ত পরে যে জাফরান রঙের আলো খেলা করে তোমার বাথটবে,ঝরনাতলায়

সে কী খবর এনেছে আমাদের

আসন্ন সঙ্গমের ?

দেখ পলাশ খবর দিল

ফিরে আসছি আজ ।

তোমার কৃষ্ণগহ্বরে  প্রেমের

আদিরূপে স্নাত হব বলে !

প্রিয়তমার উষ্ণপ্রস্রবণ কী মুছে দিতে পারবে

বারুদের পোড়া ক্লান্ত গন্ধ ?


মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

শাহানূর রহমানের কবিতা।



নারী আঙ্গিকে অজন্তার শিল্প সৌকর্য্যে

 প্রস্ফুটিত কমলা,,,,,,,,আঙ্গিকে কলম।



আমি সেই মিথ মানবী
শাহানূর রহমান

আমি সেই মিথ মানবী
জন্ম দেবতায়,জন্ম মানবে,জন্ম অসূরে
পৌরাণিক ইতিহাসের নষ্ট পাতায় পাতায়
মমতা ত্যাগী সাহসী যোদ্ধা আগ্রাসী বলিয়ান
মর্তলোকের দেবতার ধ্যান ভঙ্গকারিনী
আমি ক্রমান্বয়ে গ্রাস করি বলবান পুরুষের অহংকার
আমি সেই মিথ মানবী
আমি বজ্র,আমি বৃষ্টি,আমি করি কত শত সৃষ্টি
আমি জয়,আমি ক্ষয়,আমি অভিশাপ মানবের
আমাতে জন্ম দেবতার,মানব আর অসূরের...
আমি ধারন করি জীবের জীবন
আমি সেই মিথ মানবী
নিভৃতে নির্গত করেছি কষ্টের অগ্নি লাভা
যুগে যুগে ভূগোলের ন্যায় হয়েছি খন্ডিত
অভিশপ্ত এটলাসের চেয়ে কঠিন ভার বহন কারিনী
আমি সেই মিথ মানবী
প্রাচীন সভ্যতার রূপরেখা আর নগরীর পর নগরী
হয়েছে রক্তাক্ত, জ্বলেছে লেলিহান আগুনে
ট্রয় নগরীর জলন্ত শীখাও ছিল ম্রিয়মাণ
এই মিথ মানবীর উত্ত্বাপ ভরা যৌবনে...
অভিশপ্ত হয়ে যুগে যুগে পাইনি আজও মুক্তি
আমি সেই মিথ মানবী
নগ্ন দেহ শিল্প হয়েছে পাথরের কারুকার্য
বিমূর্ত মানবী হয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছি অজন্তায়
মনন,দহন, সহন,সঁপে সব চরনে
দেবীর আসনে বসিয়ে নিয়েছো বস্র হরণে
আমি বিবাধ আমি আবাদ আমার জন্ম বিস্তর
কূহেলিকার আবরণে ঢাকা সংস্কার
আমি সেই মিথ মানবী
শতাব্দী পর শতাব্দী আমি বিস্ময়কারীনি
হয়েছি কুমারী মাতা শত প্রশ্নের ইন্দ্রজালে
দিয়েছি জন্ম আমি সেই দেবতার...
অন্তপুরের অন্তঃসার রক্তকরবী হয়েছি
আমি সেই মিথ মানবী
অতঃপর সতীদাহের সঙ্গে সতীসঙ্গী হয়ে
নরক বাসীর স্বর্গীয় সঙ্গীনি হতে হয়, এই আমি
খাঁজকাটা অঙ্গ শোভিত আমি গজগামিনী
বীরের বির্য তির্য নষ্ট কারীনি
আমি সেই মিথ মানবী।


সৌরভ ঘোষের কবিতা।



গনতন্ত্রের হাহাকার নৈরাশ্যের ছেঁড়া কাঁথায়

 ঘাপটি মেরে সংসার সুখ বিভ্রম।



১. কবিতা- গনতন্ত্রের পূজারী।


সেদিন, মাঝরাতে কৃশাঙ্গী হাওয়ার খোঁজে

নদীর পাড়ে বসে পরি মখমলি সোহিনী ঘাসে।

হাঁসুলি চাঁদ আহ্লাদে হাসে,

কালো প্যাঁচা উড়ে যায় কু ডেকে.....

ছায়া ঢেউ গুনতে গুনতে দেখি -

একদল কৃষ্ণাভ পরী,সাঁতড়ে আসছে-

পায়ের কাছে থামে,গায়ে সোঁদা মাটির গন্ধ,

ধরা গলায় বলতে থাকে-

"আমি তাপসী,আমি নির্ভয়া,লিপিকা,আরুষি,

আমি বৃদ্ধা,আমি মেধাবী ছাত্রী,আমি আসিফা আমরা ক্ষতবিক্ষত নির্জিত ধর্ষিতা"।

সুদীর্ঘ লাইন- বিদেহী'দের কানফাটা শ্লোগান--

আমরা বাঁচতে চাই,আমাদের বাঁচতে দাও.......


হায়! চির লাঞ্ছিতা,নির্যাতিতা নারী.....

আমি, বীর গনতন্ত্রের নিষ্ঠাবান পূজারী

শ্লীল মোমবাতি মিছিলে ভিড়তে পারি।

মোরগের ডাকে তন্দ্রা ভাঙে-

চোখের প্রশ্নোত্তর পর্দা সরিয়ে দেখি-

আকাশে হাজার হাজার আদ্যাশক্তি

পেঁজা মেঘে ভাসছে আর মিলিয়ে যাচ্ছে।




২. কবিতা-- সংসার পথ।


মহাভারত---সংসার কুরুক্ষেত্র


আঠারো >শৈশবের আদর

একুশ>বিএসসি অনার্স<বেকার<প্রেম

আঠাশ<বিয়ে>প্রাইভেট টিউটর


ব্যাকরণ বহির্ভূত অশান্তি

সমাধান = ম্যালথামাস<ক্যালকুলাস =ফেল


মেনিনজেস আবৃত মস্তিষ্কের অবসাদ

মানিব্যাগে ডিসপ্রিন,অ্যালপালজোলাম

অবৈধ ঘুমে মুক্ত, চুনি,ক্যাটস আই,

স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষীরা -স্নায়ুপথে,

বলে- কত রতি চাই!!


স্বরূপ সিংহ রায়ের কবিতা।




নৈঃশব্দ্যের কলতান আঙ্গিকে ঘুঘুর ঘরছাড়া

 অন্ধ পতন,,,,,, আঙ্গিকে কলম।


নৈঃশব্দ্য - স্বরূপ সিংহ রায়

একটা নৈঃশব্দ্য থাকুক আজ
একটা নৈঃশব্দ্য ---॥
শিশিরের শব্দপতন নিস্তব্ধতা
কিংবা শুক্তির বুকে মুক্তো
লালনের মতো ভালোবাসা
মাখামাখি একটা নৈঃশব্দ্য থাকুক ---॥
হাতে হাত রেখে দূরের নীলিমা
দেখি যে ক্লান্ত চোখ জোড়ায় --,
সেখানে এক আকাশ ভালোবাসার নৈঃশব্দ্য থাকুক ---॥

লালসার লালা লালায়িত আজ
লিপস্টিক-লালিমা লেহনের জন্যে---
সম্মোহক সাপের ধীর নিশ্চিত আগ্রাসন
ভেকধারী ভালোবাসার ----
নিশ্চিত দহন জেনেও পতঙ্গের ধাবমানতা ----॥

কঠোর কঠিন সময় এ এক
কবিরা পরাস্ত প্রতিদিন ---,
প্রমত্ত উল্লাসের চক্রব্যূহে
অভিমন্যুর মৃত্যু বারংবার ---॥

তাই অনাবিল শান্তির সেই হাতদুটি
সেই শান্ত দিঘির টলটলে চোখদুটি
ক্রমশ দূরে সরে যায় -- টেনে নেয়
চক্রব্যূহের চাতুরতা ---
জয় হয় নারী-মাংস লোভীর
আর বাজতে থাকে উল্লাসের ঢক্কানিনাদ ---॥

কবিরা বধির হতে থাকে

"পাখি-নীড়" চোখ দুটির প্রতি ব্যাধের অলংঘ্য লক্ষ্য,
কবির আকুতি মাথা কোটে বধ্যভুমির বন্ধ দ্বারে
"তফাৎ যাও! তফাৎ যাও!" কবির আর্ত চিৎকার
অনুরণিত হয় --- ফিরে ফিরে আসে কবির নিজের কানেই
কবি বধির থেকে বধিরতর হতে থাকে ---॥
ভালোবাসার প্রাণভোমরা বন্ধ হয়, বন্দী হয়
কোনো মায়া-সিন্দুকে
দহন - মন্থনের চিরন্তন নাগপাশে ---॥

কবির জীবনে এখন বড় অসময়
একটা নৈঃশব্দ্য দাও,
মা নিষাদ -- একটা অন্ধ-বধির নৈঃশব্দ্য দাও ---॥

মানস সবুজ নিয়োগীর কবিতা।



প্রানভ্রোমরায় অধিকন্তু অবান্তর বোলচাল

 গুজগুজ অনতিক্রম্য প্রেমের বালিয়াড়ি।


১. #কলসপত্রী।

সকলি বিলুপ্ত হবে ৷
মস্তিষ্কে মেদের মতো মোহ জমে এলে
চাঁদও আকর্ষিত হয় ; আমার জানালায় ৷

যতই লুকিয়ে রাখি খেজুরের দেহের মতো
মিষ্টতার প্রলেপে কঠিন প্রাণবীজ,
ততই অনাবৃত বুকে জমে ওঠে অবান্তর কিছু ঘাস !

মাটি খুঁড়ে খুঁড়ে জীবনের সবটুকু সায়াহ্ন অতিক্রান্ত হলে
জলপ্রাপ্তির দিনে হাত কাটা পড়ে যায় ৷

বিলুপ্ত সকলই হয়, জেনেও
সময়ের জংধরা হাড়গোড় নিয়ে হেঁটে চলে
দাসত্বপ্রাপ্তির পর মৃত কিছু মানুষের দল—

পৃথিবী মৃতদের দেশ ৷
তার মধ্যে প্রাণ খুঁজে ফিরে আমার আজন্ম কেটে গেলে দেখি
নিজেই জীবিত ছিলাম না কোনো কালে !

বলো কলসপত্রী—
লুকানো মধুর লোভে এ দন্ডিত নিষ্পেষণের কাল কবে শেষ হবে?


২. #সীমানায়।



একশতাব্দী পথচলা বাকি আছে জেনে
রাস্তার পাশে রেখে যাও অঙ্কুরিত বীজ !
এভাবেই সামলে চলো বিধ্বস্ত ফাটলময় কানাঘুঁজিগলি ৷

সীমানার কাছে গিয়ে দাঁড়াও !
যেখানের পর আর কোনো অতিক্রাম্যতা নেই,
নেই কোনো ভয়াতুর শেষ !

তোমার জানালার কাঁচ বাষ্পাকূল হলে
মাঝরাতে কবিতা লিখতে বসি, কম্পমান !
ভিজে যায় কলমের অনাহারী শরীর ৷
আঙুল দিয়ে চোখে নদী এঁকে নিলে
আমার ডায়রীতে জোয়ার আছড়ে পড়ে ৷

শোনো
কখনো চোখের কাছে মেঘ নেমে এলে
পাঠিয়ে দিও এই মরুভূমির বাড়ি ৷